চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার রাতে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হয়েছেন শিবগঞ্জের পারচৌকা গ্রামের প্রয়াত আজিজুল হকের ছেলে সাদ্দাম হোসেন ওরফে সোহেল রানা (২৬) এবং তোরাব আলীর ছেলে বাছির ওরফে বিশু (১৯)।
বুধবার তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর এবং অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তাদের কাছ থেকে দুইটি পিস্তল, চারটি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ এর ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাত ৮টার দিকে শিবগঞ্জের মনাকষা বাজারের পাশে একটি আম বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদসহ এ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৫৫ ঘ.
bdnews24