রাজশাহী, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতার পরিকল্পনা করার অভিযোগে রাজশাহী মহানগরীর বিভিন্ন ছাত্রাবাস থেকে ছাত্রশিবিরের ১৮ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহানগর পুলিশের উপ কমিশনার মোরশেদুল আনোয়ার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার গভীর রাতে রাজপাড়া থানা পুলিশ ৫ জন এবং মতিহার থানা পুলিশ ১৩ জনকে আটক করে। এরা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
মতিহার থানায় আটক ১৩ জন হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র দেলাওয়ার হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের মেহেরুল হাসান, ভর্তি পরীক্ষার্থী নাজমুস সাদাত ও আব্দুল আজিজ। এছাড়া আরেকজনের নাম জানা যায়নি।
রাজপাড়া থানায় আটক পাঁচজন হলেন মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, জাকারিয়া, আতিক, সোহেল রানা, সাদিউল ইসলাম, সানোয়ার হোসেন, লুৎফর রহমান, বদর উদ্দিন, রাসেল হোসেন, রিয়াল উদ্দিন, আল আমিন, ও আসাদুজ্জামান।
উপ কমিশনার মোরশেদুল আনোয়ার খান বলেন, “সম্প্রতি শিবিরের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ওঠে। তারা সংগঠিত হয়ে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে বলেও আমাদের কাছে তথ্য রয়েছে।
“পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।”
সোমবার মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাউনিতে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার মতিহার থানায় একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমএইচপি/১২৩৯ ঘ.
bdnews24