২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকার ১২ শতাংশ গাড়ির ফিটনেস নেই’

ঢাকায় নিবন্ধিত যানবাহনের মধ্যে প্রায় ১২ শতাংশ ফিটনেস ছাড়া অবৈধভাবে চলাচল করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 04:55 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিবন্ধিত যানবাহনের মধ্যে প্রায় ১২ শতাংশ ফিটনেস ছাড়া অবৈধভাবে চলাচল করছে। মঙ্গলবার জাতীয় সংসদে কামাল আহমে মজুমদারের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান, জুন পর্যন্ত ঢাকায় নিবন্ধিত যানবাহনের মোট সংখ্যা ৭ লাখ ৮ হাজার ১৯৭টি। এরমধ্যে প্রায় ৮৬ হাজার ফিটনেস সার্টিফিকেট নেয়নি। এ হিসাবে ফিটনেস ছাড়া গাড়ির সংখ্যা ১২ শতাংশের বেশি। ঢাকা শহরে প্রতিদিন গড়ে প্রায় ৩ লাখ ৭৬ হাজার ৭৬০টি যানবাহন চলাচল করে বলেও জানান তিনি। মন্ত্রী জানান, ২০ বছরের বেশি পুরনো বাস ও ২৫ বছরের বেশি পুরনো পণ্যবাহী যানবাহন ঢাকা মহানগরীতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এগুলোর রুট পারমিট নবায়নও বন্ধ রাখা হয়েছে। মেহেরপুরের সাংসদ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে কাদের জানান, ঢাকা-মাওয়া সড়কে স্পিড ব্রেকারের কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। দুর্ঘটনা রোধে ৪২টি স্পিড ব্রেকারের মধ্যে ২৬টি ভেঙে ফেলা হয়েছে। ২৬টির জায়গায় রাম্বল স্ট্রিপ বসানো হবে। ফরিদুরন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিআরটিসির ১২৫১টি বাস রয়েছে। এরমধ্যে ১০১০টি সচল ও ২৪১টি অচল। চয়ন ইসলামের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতু নির্মাণ পর্বের প্রস্তুতি অর্থাৎ ভূমি অধিগ্রহণ ও ডিজাইন প্রণয়ন পর্যায় থেকে গত জুন পর্যন্ত পদ্মা সেতু সংশ্লিষ্ট দুটি প্রকল্পের বিপরীতে মোট ১৪২৩ কোটি ২৭ লাখ ৮৭ হাজার টাকা ব্যয় হয়েছে। চলমান কাজের জন্য চলতি অর্থবছরে মোট ৮১১ কোটি টাকা বরাদ্দ রয়েছে। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএল/২২৪৮ ঘ.