কক্সবাজার, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর পথে মালয়শিয়া পাচারের প্রস্তুতিকালে কক্সবাজার শহরের কয়েকটি আবাসিক হোটেল থেকে ১৮ ব্যক্তিকে আটক করেছে র্যাব।
সন্ধ্যার পর শহরের কলাতলি এলাকার কয়েকটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
র্যাবের কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর সারোয়ার-ই-আলম সাংবাদিকদের জানান, সাগর পথে মালয়শিয়া পাঠানোর জন্য কিছু লোককে শহরের কয়েকটি হোটেলে জড়ো করা হয়েছিল।
তিনি বলেন, আটকদের মধ্যে নুরুল আলম নামের একজনকে মানব পাচার চক্রের ‘দালাল’ বলে মনে করা হচ্ছে। তাকে আটক করা হয়েছে আবাসিক হোটেল সিদ্দিক কটেজ থেকে। তার বাড়ি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায়।
আটককৃতদের পরিচয় ও তাদের ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান মেজর সারোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৪০ ঘ.
bdnews24