ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলাম ধর্মাবলম্বীদের হেবার মতো অন্যান্য ধর্মাবলম্বীদের সম্পত্তি দানের ক্ষেত্রে নামমাত্র রেজিস্ট্রেশন ফি দেওয়ার বিধান রেখে ‘রেজিস্ট্রেশন (সংশোধন) বিল-২০১২’ সংসদে পাস হয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে বিলটি পাস হয়।
আইনটি কার্যকর হলে মুসলমানদের মতো হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরাও দানের ঘোষণার দলিল নামমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে স্থাবর সম্পত্তি হস্তান্তর করতে পারবেন।
সংসদের অধিবেশনে বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদের পক্ষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
বিলটি কন্ঠভোটে পাস হয়। এরআগে, বিলের ওপরে দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো কন্ঠভোটে নাকচ হয়ে যায়।
রেজিস্ট্রেশন অ্যাক্ট-১০৯৮ এর সংশোধন করতে বিলটি পাস করা হয়েছে।
প্রস্তাবিত আইনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইন মন্ত্রী বলেন, মুসলিম ব্যক্তিগত আইনের অধীন মৌখিক হেবা ঘোষণার মাধ্যমে স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তান, পিতামহ-মাতামহ ও পৌত্র-পৌত্রী, ভাই-বোনদের মধ্যে স্থাবর সম্পত্তি হস্তান্তর দলিল নামমাত্র ফি পরিশোধের মাধ্যমে রেজিস্ট্রেশনের বিধান রয়েছে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের দানের ঘোষণার মাধ্যমে স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে একই বিধান প্রবর্তনের লক্ষ্যে দাবি জানানো হয়েছে।
মন্ত্রিসভার গত ২১ মে’র বৈঠকে বিলটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
আইন মন্ত্রী গত তিন জুলাই সংসদে উত্থাপনের পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে যাচাই-বাছায়ের পর মঙ্গলবার বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করা হয়।
এই আইনটি পাসের প্রক্রিয়ায় ‘রেজিস্ট্রেশন (সংশোধন) বিল-২০১২’ এ উল্লেখিত সম্পর্কের বাইরে অন্যান্য সম্পর্কের মধ্যে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে স্পিকার আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির জন্য কামরুল ইসলামের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২২৭ ঘ.
bdnews24