২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্টম ওয়েজ বোর্ড: নতুন সদস্য শহীদুল্লাহ খান

সংবাদকর্মীদের বেতন কাঠামো ঠিক করতে অষ্টম মজুরি বোর্ড গঠনের তিন মাস পর এতে আরো একজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদকর্মীদের বেতন কাঠামো ঠিক করতে অষ্টম মজুরি বোর্ড গঠনের তিন মাস পর এতে আরো একজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। বোর্ডের নতুন সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ইংরেজি পত্রিকা ‘দি নিউ এজ’-এর ব্যবস্থাপনা পরিচালক শহীদুল্লাহ খান বাদল। তথ্য মন্ত্রণালয় থেকে মঙ্গলবার তাকে বোর্ডের সদস্য করার আদেশ জারি করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গত ১৮ জুন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হককে চেয়ারম্যান করে পর্ষদ গঠন করে সরকার। এ বোর্ডকে মাত্র ছয় মাসের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে সুপারিশ পেশ করতে বলা হয়েছে। ইতোমধ্যে তিন মাস পেরিয়ে গেলেও বোর্ড সাংবাদিকদের প্রত্যাশিত মহার্ঘ্য ভাতার ঘোষণা দেয়নি। নিয়ম অনুযায়ী, বোর্ডের প্রথম সভাতেই মহার্ঘ্য ভাতার প্রস্তাব চূড়ান্ত করে ঘোষণা করার কথা। আগে থেকেই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন- ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার ও মহাসচিব মো. খাইরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খান ও মহাসচিব মো. কামালউদ্দিন। বোর্ডের সচিবের দায়িত্ব পালন করছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব জি এন নজমুল হোসেন খান। এই বোর্ড ৭ম সংবাদপত্র মুজরি বোর্ড রোয়েদাদ পর্যালোচনা করে সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের জন্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে সুপারিশ করবে। সুপারিশ প্রণয়নের সময় সংবাদপত্র মজুরি বোর্ড, সংবাদপত্রে বিদ্যমান আর্থিক অবস্থা ও সক্ষমতা, জীবনযাত্রার ব্যয়, সরকার, কর্পোরেশন এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সমতুল্য চাকরির মজুরির বিরাজমান হার, দেশের বিভিন্ন অঞ্চলের সংবাদ শিল্পের বিদ্যমান অবস্থা বিবেচনা করে দেখবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২২০২ ঘ.