ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্প ও হলমার্ক কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী অর্থ ও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টাকে ‘প্রয়োজনে’ জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান গোলাম রহমান।
পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না এবং হলে তা কবে নাগাদ হতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, “তদন্ত কর্মকর্তারা এটা বলতে পারবেন। তদন্তের ক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাধীন।
“যদি তারা তার (মসিউর) সংশ্লিষ্টতা দেখতে পান, তাহলে যে কোনো সময় ডাকা হতে পারে।”
বিশ্ব ব্যাংককে পদ্মা সেতু প্রকল্পে ফেরাতে তাদের দেওয়া শর্ত পূরণে অর্থ উপদেষ্টা মসিউর রহমানকে ছুটিতে পাঠানো হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশের প্রেক্ষিতে মঙ্গলবার দুদক চেয়ারম্যানকে এ প্রশ্ন করেন সাংবাদিকরা।
বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংকের শর্ত পূরণে ইতোমধ্যে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন পদত্যাগ করেছেন। ছুটিতে পাঠানো হয়েছে সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে।
গোলাম রহমান বলেন, বিশ্ব ব্যাংকের শর্ত অনুযায়ী পদ্মা সেতু প্রকল্পে তথ্য আদান-প্রদানের চুক্তির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন শুধু সমঝোতা স্মারক স্বাক্ষরের অপেক্ষা।
বিশ্ব ব্যাংকের ইচ্ছা অনুযায়ীই সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া এগোবে বলে জানান তিনি।
অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে হলমার্কের প্রায় আড়াই হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, “এটা একটা বিশাল দুর্নীতি। এর সঙ্গে অনেকে জড়িত। তাই তদন্তের জন্য সময় লাগবে।”
এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে দুদকে ডাকা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “তদন্ত কর্মকর্তারা প্রয়োজন মনে করলে তাকে ডাকা হতে পারে।”
সোনালী ব্যাংকের যে শাখা েেক প্রায় চার হাজার কোটি টাকা সরানোর ওই ঘটনা ঘটেছে, সেই শাখায় প্রধানমন্ত্রীর র্অ উপদেষ্টার যাতায়াতের খবর কয়েকটি দৈনিক পত্রিকায় এসেছে। এসব প্রতিবেদনে বলা হয়, মোদাচ্ছের আলীর প্রভাবেই হলমার্ক গ্রুপ নিয়ম ভেঙে ঋণের টাকা তুলে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/জেকে/১৬৫৫ ঘ.
bdnews24