ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে মানবাধিকার রক্ষায় অন্তরায় হিসেবে জনাধিক্যকে চিহ্নিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মধ্যেই মঙ্গলবার এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সমালোচনা থাকলেও সরকার বলে আসছে, মানবাধিকার সুরক্ষায় তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।
সোনারগাঁও হোটেলে সেমিনারে দীপু মনি বলেন, “উন্নয়নশীল দেশ হিসেবে হয়ত অধিক জনসংখ্যার এ দেশে মানবাধিকার পুরোপুরি রক্ষা করা সম্ভব হয় না।”
বাংলাদেশের জনসংখ্যা এখন প্রায় ১৬ কোটি। প্রতি বর্গকিলোমিটারে বাস করছে এক হাজারের বেশি মানুষ।
“তবে আন্তর্জাতিক নীতিমালা ও নিজস্ব সংবিধান অনুযায়ী অবশ্যই জনগণের মানবাধিকার রক্ষা করতে হবে,” যোগ করেন দীপু মনি।
জাতীয় মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং অন্য সময়ের চেয়ে দেশের মানবাধিকার পরিস্থিতি ভালো বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।
এক্ষেত্রে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার এবং একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনার বিষয়টি উল্লেখ করেন তিনি।
দুই দিনব্যাপী ‘ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ’ শীর্ষক এই জাতীয় সেমিনারে দীপু মনি বলেন, এ সেমিনার থেকে যেসব সুপারিশ আসবে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
জাতীয় মানবাধিকার কমিশনকে আরো শক্তিশালী করতে কমিশনে জনবল নিয়োগের তাগিদ দিয়ে দীপু মনি বলেন, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরাও মানবাধিকার উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
দুই দিনের এই সেমিনারে মোট আটটি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের এনজিওগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি নেল ওয়াকারও বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬৫০ ঘ.
bdnews24