২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজের ফ্লাইটসূচির কারণে বাড়ি নিয়ে আশঙ্কায় হাব

নির্ধারিত হজ ফ্লাইট অনুসরণ করা হলে সৌদি আরবে হজযাত্রীদের বাড়ি ভাড়া নিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 08:31 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত হজ ফ্লাইট অনুসরণ করা হলে সৌদি আরবে হজযাত্রীদের বাড়ি ভাড়া নিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এজেন্সিগুলো বলছে, তৃতীয় কোনো বিমান পরিবহন সংস্থাকে হজযাত্রী পরিবহনের দায়িত্ব না দিলে এ সঙ্কট এড়ানো যাবে না। মঙ্গলবার হাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাব সভাপতি জামাল উদ্দিন আহমেদ বলেন, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে হজযাত্রীদের জন্য বাসাভাড়া করতে হয় বলে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় হজফ্লাইট চূড়ান্ত করার আগেই বাড়ি ভাড়া করতে বাধ্য হয়েছেন হজ এজেন্টরা। “কিন্তু চূড়ান্ত ফ্লাইট শিডিউল পাওয়ার পর দেখা যাচ্ছে, বেশির ভাগ এজেন্সি যে সময় সীমার জন্য বাসা ভাড়া করেছেন তাতে হজ ফ্লাইট শুরুর প্রথম দশ দিনের মধ্যে ৬০ হাজারের বেশি হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছাতে হবে।” অথচ বিমান, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও নাস এয়ারসহ তিন বিমান পরিবহন সংস্থা যে ফ্লাইটসূচি দিয়েছে, তাতে ওই সময়ের মধ্যে ৩০ হাজার হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছানো সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন জামাল উদ্দিন। তিনি বলেন, সরকার এখনো যদি তৃতীয় কোনো বিমান পরিবহন সংস্থাকে (থার্ড ক্যারিয়ার) হজযাত্রী পরিবহনের দায়িত্ব দেয়, ‘তাহলেও হয়তো’ হজযাত্রীদের সময়মতো নিয়ে যাওয়া সম্ভব হবে। সৌদি আরব সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত হজযাত্রী পরিবহন সংক্রান্ত চুক্তি অনুসারে এ বছর কোনো তৃতীয় বিমান সংস্থা বা থার্ড ক্যারিয়ারকে হজযাত্রী পরিবহনের দায়িত্ব দেয়া হয়নি। থার্ড ক্যারিয়ার না থাকায় হজযাত্রী পরিবহনে বিশৃঙ্খলা হতে পারে, আগে থেকেই এমন দাবি করে আসছে হজ এজেন্সিগুলো। নিয়মিত ফ্লাইটসূচিতে বিপর্যয়ের মধ্যেই সোমবার বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট শুরু হয়েছে। ভোর ৫টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে একটি বোয়িং-৭৭৭ ঢাকা ছাড়ার পর সারাদিনে ছেড়ে গেছে মোট পাঁচটি ফ্লাইট। মন্ত্রণালয়ের ঘোষিত ফ্লাইটসূচি অনুসারে ২০ অক্টোবর পর্যন্ত হজযাত্রী পরিবহনের কথা রয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থার। বিমান ফিরতি ফ্লাইট শুরু করবে ১ নভেম্বর থেকে, শেষ হবে আগামী ২৯ নভেম্বর। নাস এয়ারের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ অক্টোবর, শেষ হবে ২৮ নভেম্বর। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স হজ পরবর্তী ফিরতি ফ্লাইট শুরু করবে ৩০ অক্টোবর এবং শেষ হবে ৩০ নভেম্বর। এ বছর মোট ১ লাখ ১২ হাজার ৫৬৮ জন হজ করতে যাওয়ার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ২ হাজার ৯৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১ লাখ ৯ হাজার ৬০৩ জন। এর মধ্যে বিমান পরিবহন করছে ৫৬ হাজার ২৮৪ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এফএফএস/জেকে/১৪২৫ ঘ.