গাইবান্ধা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা শহরে স্টেশন রোডের এক দোকান থেকে স্বর্ণাংকার ও নগদ টাকাসহ সিন্ধুক নিয়ে গেছে ডাকাতরা।
মঙ্গলবার ভোরে হীরা জুয়েলার্স নামের এ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির প্রতিবাদে সকাল থেকে শহরের জুয়েলারি দোকান মালিক সমিতি ধর্মঘট পালন করছে।
গাইবান্ধা সদর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ এবং ওই এলাকার নৈশ প্রহরী ও ওই দোকানের কর্মচারীসহ ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
জেলার জুয়েলারি দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সঞ্জু বলেন, “এ ঘটনার প্রতিবাদে আমরা আজ ধর্মঘট পালন করছি।”
বিকেলে সমিতির এক বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
দোকানটির মালিক সাদেকুল ইসলাম শিপন বলেন, “পাশের গলিতে নৈশ প্রহরী আব্দুল গোফ্ফারকে পিঠ মোরা অবস্থায় বেঁধে রেখে ডাকাতরা তার দোকান থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকাসহ ২০ মণ ওজনের সিন্ধুকটি নিয়ে যায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১৯ ঘ.
bdnews24