ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট দেশের অংশগ্রহণে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ঢাকায় দ্বিতীয় এশীয় পর্যটন মেলা শুরু হচ্ছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এই মেলায় বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্স, জাপান, চীন ও নেপালের ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস, হোটেল, ট্যুর অপারেটর এবং এ খাতে বেসরকারি সেবাদানকারী অন্যান্য প্রতিষ্ঠান অংশ নেবে।
সাধারণ দর্শনার্থীদের জন্য সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। ২০ টাকার টিকিট কেটে মেলায় ১৩০টি স্টল ঘুরে দেখার সুযোগ পাবেন বলে এর আয়োজকরা জানান।
সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মেলার প্রধান আয়োজক মহিউদ্দিন হেলাল বলেন, “এ বছর মেলায় নতুন নতুন জিনিস থাকছে।”
“উদ্বোধনী দিনে ট্যুরিজম সরঞ্জাম বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে আইএলও।”
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বিপিসি) ও আইএলও-ঢাকার দপ্তরের সঙ্গে যৌথভাবে এ মেলার আয়োজন করছে মাসিক সাময়িকী পর্যটন বিচিত্রা।
ওই সাময়িকীর সম্পাদক হেলাল বলেন, এশিয়ার অন্যান্য দেশের পর্যটন শিল্লের সঙ্গে বাংলাদেশের পর্যটন শিল্পের যোগাযোগ স্থাপনে সহায়তা করবে এই মেলা।
সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত জেট মিরজাল জয়েনউদ্দিন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশের ট্যুরিজমের উন্নয়নে এটা সহায়ক হবে।”
ট্যুরিজমকে এগিয়ে নিতে ইন্দোনেশিয়ার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, গত বছর তার দেশ ৮০ লাখ বিদেশি এবং স্থানীয় কয়েক লাখ পর্যটক পেয়েছে।
শ্রীলঙ্কার হাই কমিশনার সরথ কে বিরাগোদা বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এশিয়ার মধ্যে একটি বিশাল পর্যটন এলাকা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং বিভিন্ন নদ-নদীর সমন্বয় প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বাংলাদেশের চিত্র তুলে ধরে তিনি বলেন, এ দেশ পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
“সুন্দর নদীগুলোকে দেখার জন্য তোমরা বিশ্বকে আমন্ত্রণ জানাও না কেন?”
এ সময় ভিয়েতনামের রাষ্ট্রদূত এনগুয়েন কুয়াং থুক বলেন, এ বছর তারা ৬৫ লাখ বিদেশি ও তিন কোটি ২০ লাখ দেশি পর্যটক পাবেন বলে আশা করছে এবং এতে তাদের সম্ভাব্য আয় ধরা হয়েছে সাতশ’ ১০ কোটি ডলার।
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে ফিলিপিন্সের রাষ্ট্রদূত বাহনারিম আবু গুইনোমলা বলেন, “হাওরও পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হতে পারে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/২২১০ ঘ.
bdnews24