২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনেকেই যেতেন হলমার্কের দাওয়াতে’

সোনালী ব্যাংকের অনেক কর্মকর্তা হলমার্ক গ্রুপের ‘দাওয়াতে’ যেতেন বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোনালী ব্যাংকের অনেক কর্মকর্তা হলমার্ক গ্রুপের ‘দাওয়াতে’ যেতেন বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন। সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। হলমার্ক গ্রুপ কার্যালয়ে কখনো গিয়েছেন কি না- জানতে চাওয়া হলে সোহরাব বলেন, “একবার একটা অনুষ্ঠানের দাওয়াতে গিয়েছিলাম। আমি একা যাইনি, ব্যাংকের অনেক কর্মকর্তাই গিয়েছিলেন।” “আমি একবার দাওয়াতে গিয়েছিলাম, তবে ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা মাঝে-মাঝেই দাওয়াতে যেতেন,” যোগ করেন তিনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে কারা হলমার্ক গ্রুপের সঙ্গে সখ্য রাখতেন- জানতে চাওয়া হলে সোহরাব বলেন, “আমার কিছু সীমাবদ্ধতা আছে, তাই এই বিষয়ে কোনো তথ্য দিতে পারব না।” সোনালী ব্যাংকের কাছ থেকে অনিয়মের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা ঋণ নেয়ার জন্য হলমার্ক গ্রুপ সম্প্রতি আলোচনায় উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির ২০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত চালাচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হওয়া সোনালী ব্যাংকের জিএম মো. মোস্তাফিজুর রহমানের কাছে ‘দাওয়াতের’ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না, আমি কখনো এরকম অনুষ্ঠানে যাইনি।” জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশন ডাকলেও কোনো অনিয়মে জড়িত ছিলেন না বলে দাবি করেন তিনি। হলমার্ক কারখানায় যাওয়ার জন্য সমালোচনার মুখে থাকা প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সঙ্গেও কখনো দেখা হয়নি বলে জানান মোস্তাফিজ। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত সোনালী ব্যাংক রূপসী বাংলা কার্যালয় থেকে ছয়টি প্রতিষ্ঠান ৩ হাজার ৬০৬ কোটি টাকা তোলে। এর মধ্যে হলমার্ক একাই নেয় প্রায় ২ হাজার ৬৬৮ কোটি টাকা। দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন ছয় সদস্যের একটি বিশেষ দল এই ঘটনার তদন্ত কাজে সোমবার পর্যন্ত সোনালী ব্যাংকের মোট ৩৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/২১০৬ ঘ.