মৌলভীবাজার, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার গাজীপুর চা বাগানে পোষা হাতির আক্রমণে আরো তিনজন আহত হয় বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
নিহত রামদাসী পাসি (৭০) গাজীপুর চা বাগানের বাসিন্দা।
আহত একই বাগানের মিনারা বেগম (৬০), তার নাতি কামরুল (২) ও নাতনি আফসানাকে (৩) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর চা বাগানের ব্যবস্থাপক কাজল মাহমুদ সাংবাদিকদের জানান, জয়চণ্ডি এলাকার মোস্তফা মিয়ার তিনটি পোষা হাতি গাজীপুর পাহাড় থেকে নেমে চা বাগানের স্টাফ পুকুরের পাশে টিলালাইনে আক্রমণ চালায়। এ সময় টিলালাইনের পাশে ধান ক্ষেতে রামদাসী পাসিকে পদদলিত করে।
এতে তিনি গুরুতর আহত হন। বাগানের ডিসপেনসারিতে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিগুলো বাগানের শ্রমিক কলোনিতে হামলা চালালে মিনারা ও তার নাতি-নাতনি আহত হয় বলে জানান ওসি।
কুলাউড়া থানার ওসি মো. সেলিম নেওয়াজ জানান, রামদাসী পাসির লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪০ ঘ.
bdnews24