ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস দাবি করেছেন, সরকারের পদক্ষেপের ফলে ফরমালিন ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার কমতে শুরু করেছে।
সোমবার জাতীয় সংসদে নাছিমুল আলম চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ প্রসঙ্গে আবদুল লতিফ উল্লেখ করেন, এটা সত্য যে কিছু অসাধু ব্যবসায়ী মাছকে দীর্ঘক্ষণ সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করে থাকে। মাছের রং সুন্দর করতে জাফরান রং ও সিঁদুরের অপব্যবহার রুই, কাতল, পাঙ্গাস, বোয়াল ও সামুদ্রিক বড় বড় কয়েকটি প্রজাতির মাছের ক্ষেত্রে সীমিত আকারে লক্ষ্যণীয়।
“এ তৎপরতা নিষিদ্ধ, হাটে-বাজারে প্রায়শ মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং দোষীদের আইন অনুযায়ী সাজা দেওয়া হচ্ছে। যেহেতু আমরা এ কার্যক্রম শুরু করেছি, কাজেই আশা করছি অচিরেই বাংলাদেশের জনগণ ফরমালিনমুক্ত মাছ খেতে পারবেন,” বলেন মন্ত্রী।
তিনি জানান, ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণ করা হচ্ছে। মাছে ফরমালিনের উপস্থিতি সনাক্তে গত ১৩ জুলাই ৭৮টি অত্যাধুনিক ডিজিটাল ফরমালিন সনাক্তকরণ কিটবক্স বিতরণ করা হয়েছে এবং মাঠ পর্যায়ে তার ব্যবহার শুরু হয়েছে।
নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে আবদুল লতিফ জানান, দেশে বর্তমানে দৈনিক দুধের চাহিদার মাত্র শতকরা ২৩ ভাগ পূরণ হয়।
গত জুলাই মাসের হিসাব অনুযায়ী, দেশে দৈনিক দুধ উৎপাদন হয় ৮৭ লাখ ৩৩ হাজার লিটার। দৈনিক চাহিদা তিন কোটি ৮১ লাখ ২৪ হাজার লিটার।
চয়ন ইসলামের এক প্রশ্নের জবাবে মৎস্যমন্ত্রী বলেন, স্থায়ীভাবে ইলিশ রপ্তানি বন্ধ করলে দেশের বাজারে দাম কমে যাবে। তবে যেসব দেশে রপ্তানি হয় সেসব দেশের বাজারে ইলিশের দাম বেড়ে যাবে। আর এই বাড়তি মূল্য চোরাচালানকে উৎসাহিত করবে বলে তিনি মনে করেন।
২০১০-২০১১ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদন হয়েছে তিন লাখ ৪০ হাজার মেট্রিক টন। এরমধ্যে আট হাজার ৫৩৮ মেট্রিক টন রপ্তানি করে আয় হয় ৩৫২ কোটি ৪৯ লাখ টাকা।
পিনু খানের এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, ২০০২-২০০৩ থেকে গত অর্থবছর পর্যন্ত চার লাখ ৮৩ হাজার ৭৯০ মেট্রিক টন চিংড়ি রপ্তানি হয়েছে। এ থেকে আয় হয় ২৭ হাজার ৫৪৬ কোটি ৫৮ লাখ টাকা।
বজলুল হক হারুনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে ১৩টি দেশে মাছ রপ্তানি করা হয়। এসব দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, সাবেক সোভিয়েত ইউনিয়নের সিআইএসভুক্ত রাষ্ট্রগুলো, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, ভারত ও সৌদি আরব।
গত অর্থবছরে ৯২ হাজার ৪৭৯ মেট্রিক টন মাছ রপ্তানি করে আয় হয়েছে চার হাজার ৭০৪ কোটি টাকা, যা রপ্তানি আয়ের শতকরা ২ দশমিক ৪৬ ভাগ।
ফজিলাতুন নেসা বাপ্পির আরেক প্রশ্নের জবাবে আবদুল লতিফ জানান, দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণ প্রকল্পের আওতায় ১২৮টি জলাশয় পুনঃখনন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ২৮৫ লাখ পোনা উৎপাদিত হবে এবং বছরে ১৫০ মেট্রিক টন অতিরিক্ত মাছ উৎপাদন হবে।
বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এইচএ/২০২৯ ঘ.
bdnews24