২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসংখ্যা নীতির খসড়া অনুমোদন

দেশে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার ৬১ থেকে ৭২ শতাংশে উন্নীত করা এবং বার্ষিক প্রজনন হার ২ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ১ শতাংশ করার লক্ষ্য নিয়ে ‘জনসংখ্যা নীতি ২০১২’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার ৬১ থেকে ৭২ শতাংশে উন্নীত করা এবং বার্ষিক প্রজনন হার ২ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ১ শতাংশ করার লক্ষ্য নিয়ে ‘জনসংখ্যা নীতি ২০১২’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। পরিকল্পিতভাবে জনসংখ্যার উন্নয়নের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোমবার মন্ত্রিসভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। সচিব বলেন, এতে বার্ষিক প্রজনন হার কমিয়ে ২ দশমিক ১ শতাংশ করার পাশাপাশি নিট প্রজনন হার ১ শতাংশের মধ্যে নিয়ে আসার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো, নারী ও পুরুষের মধ্যে লিঙ্গ বৈষম্য দূর করা এবং সমতা আনা, প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহিতামুখী ও নগর স্বাস্থ্যসেবা বিস্তৃত করা, প্রজনন স্বাস্থ্যসেবা খাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকে আকৃষ্ট করা, জনসংখ্যার সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের বিষয়টিকে এতে অগ্রাধিকার দেয়া হয়েছে। মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, “এ কার্যক্রম বাস্তবায়ন ও তদারকি করতে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনসংখ্যা পরিষদ, স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় নির্বাহী কমিটি এবং মন্ত্রণালয়ের সচিব অথবা অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হবে।” এছাড়াও মন্ত্রিসভায় ইসলামিক ফাইন্ডেশন (সংশোধনী) আইন, ২০১২’ ও ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) আইন, ২০১২’-এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। এতে জাতিসংঘের ‘স্ট্রাডেলিং ফিশ স্টক অ্যান্ড হাইলি মাইগ্রেটরি ফিশ স্টক অ্যাগ্রিমেন্ট’ এবং তুরস্কের সঙ্গে স্বাক্ষরিত ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দেয় মন্ত্রিসভা। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মন্ত্রিসভায় অনুমোদিত ইসলামিক ফাইন্ডেশন (সংশোধনী) আইনের মাধ্যমে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদকে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় পরিচালনার বিধান করা হয়েছে। ওই মসজিদটি বর্তমানে সোসাইটি আইনে স্থানীয় কমিটি দিয়ে পরিচালিত হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং চট্টগ্রামের শাহী জামে মসজিদ পরিচালনা করে। এ সংশোধনীর মাধ্যমে আরো একটি মসজিদকে এর আওতাভুক্ত করা হলো। অনুমোদিত খসড়া আইনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালনা কমিটি থেকে সহ-সভাপতির পদটি বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে র্ধম সচিব সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এখন থেকে সভাপতি পদে থাকা ধর্মমন্ত্রী বা প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে পরিচালনা বোর্ডের অন্য যে কোন সদস্য সভায় সভাপতির দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) আইন শিল্প-কারখানার বার্ষিক লাভ থেকে মালিকদের পাঁচ শতাংশ করে শ্রমিক কল্যাণ তহবিলে জমা দেওয়ার বিধান রেখে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) আইন, ২০১২’-এর খসড়া চুড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। যেসব মালিক এ আইন মেনে চলবেন না, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আইনের খসড়ায় বলা হয়েছে, অর্জিত মুনাফার একটি অংশ শ্রমিকদের জন্য রাখতে দেশে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন’ করা হয়েছে। কিন্তু মালিকরা তহবিলে অর্থ জমা না দিলে শাস্তির বিধান না থাকায় মালিকরা আইনটি বাস্তবায়ন করছেন না। এ অবস্থা দূর করতেই আইন না মানলে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) আইন, ২০১২’-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। এ আইনে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের জমা হওয়া অর্থ তহবিলের দু’টি বিশেষ তহবিলে জমা হবে। এরমধ্যে অংশগ্রহণমূলক তহবিলে জমা হবে ৮০ শতাংশ এবং কল্যাণ তহবিলে জমা হবে ২০ শতাংশ। যা পরিচালনা কমিটি সদস্যদের কল্যাণে বিতরণ করবে। বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউণ্ডেশনে এক কোটি ৬৩ লাখ টাকা জমা রয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৭৪৪ ঘ.