ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
প্রায় দেড় হাজার দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয়দের অংশগ্রহণে গত শনিবার এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় বলে সোমবার মোবইল অপারেটর বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে বাংলালিংক ও কেওকারাডং বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সৈকতে একটি র্যালিও হয়। এতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।
‘টেক ইট ব্যাক’ স্লোগান নিয়ে এ দিন বিশ্বব্যাপী আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে ষষ্টবারের মতো কক্সবাজার সমুদ্র সৈকতে এই আয়োজন করেছে বাংলালিংক ও কেওকারাডং বাংলাদেশ।
পরিচ্ছন্নতা অভিযান ও র্যালিতে অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের গ্রিন টিমের প্রধান জ্যাক নেটলস, পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মো. আব্দুল মুনিম তালুকদার, কেওকারাডং বাংলাদেশের প্রধান সাদ-বিন-হোসাইন ও বাংলালিংকের চট্টগ্রাম অঞ্চলের বাণিজ্যিক প্রধান মো. ফরহাদ হোসাইন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বিশে^র ৯০টিরও বেশি দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস পালন করা হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্র সৈকত থেকে ময়লা- আবর্জনা সরিয়ে সৈকতকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করা হয়।
এছাড়া সৈকতের পরিবেশ দূষণ রোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচিও পালন করা হয়।
এ বিষয়ে বাংলালিংকের বিপণন শাখার জ্যেষ্ঠ পরিচালক শিহাব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বছরব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।”
“পরিবেশ আমাদের, তাই এই পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএল/এএইচ/১৬১৮ ঘ.
bdnews24