ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বও ‘সফলভাবে’ পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী সাহারা খাতুন।
সোমবার নতুন দপ্তরে দায়িত্ব বুঝে নেয়ার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় তিনি বলেন, “গত ৪ বছর সফলভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। সরকারের আগামী এক বছর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়েও সফলভাবে দায়িত্ব পালন করব।”
সরকারের মেয়াদ এক বছর বাকি থাকতে গত বৃহস্পতিবার নতুন পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। শনিবার তাদের দায়িত্ব ভাগ করে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মন্ত্রিসভায় আনা হয় বড় ধরনের পরিবর্তন।
এই রদবদলে সাহারা খাতুন পান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। আর টেলিকম থেকে রাজিউদ্দিন আহম্মেদ রাজুকে পাঠানো হয় শ্রম মন্ত্রণালয়ে।
সাহারা বলেন “আমি দেশের বাহিরে ছিলাম, সোমবার দেশে আসার পরই এ দায়িত্ব নিয়েছি। এটা সরকারের বিষয়, প্রধানমন্ত্রী যেখানে প্রয়োজন সেখানেই নতুন দায়িত্ব দিতে পারেন।”
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ‘সাফল্যের’ ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং ২০১১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তিনি কর্মকর্তাদের আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
সোমবার বেলা ১টায় তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পৌঁছালে সচিব সুনীল কান্তি বোস তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিচিতি সভার শুরুতে সচিব মন্ত্রণালয়ের বিভিন্ন দিক ও সাফল্যের কথা নতুন মন্ত্রীকে অবহিত করেন।
এর আগে সকালে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, “ব্যর্থতার কারণে কাউকে সরানো হয়েছে এটা আমি মনে করি না। শুধু আমার দপ্তর নয়, অনেকগুলোতেই রদবদল আনা হয়েছে।”
থ্রিজি সেবার উদ্বোধন ১৪ অক্টোবর
আগামী ১৪ অক্টোবর রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান টেলিটকের থ্রিজি সেবার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস।
নতুন মন্ত্রীকে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করে সচিব বলেন, “১৪ অক্টোবর থ্রিজি সেবা উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, থ্রিজি সেবার পাশাপাশি টেলিটকের টুজি সেবারও উন্নতি করা হচ্ছে।”
বেসরকারি অপারেটরদের থ্রিজি লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান টেলিযোগাযোগ সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৮২৩ ঘ.
bdnews24