২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ছাত্রদলকে মিষ্টি খাইয়ে বরণ ছাত্রলীগের

ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গিয়ে ছাত্রদল কর্মীরা ছাত্রলীগের পিটুনির শিকার হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটির অভিজ্ঞতা হয়েছে ঠিক উল্টো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 07:56 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গিয়ে ছাত্রদল কর্মীরা ছাত্রলীগের পিটুনির শিকার হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটির অভিজ্ঞতা হয়েছে ঠিক উল্টো। ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীরা সোমবার ক্যাম্পাসে গেলে ছাত্রলীগ তাদের মিষ্টিমুখ করিয়ে ‘বরণ’ করে। সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ সজলের নেতৃত্বে ছাত্রদল নেতারা ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় আগে থেকে অপেক্ষায় থাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামান, ওমর ফারুক ও রফিকুল ইসলাম শ্রাবণ তাদের মিষ্টিমুখ করান। এ বিষয়ে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, “ক্যাম্পাসে ছাত্রদল না থাকলে কাদের সঙ্গে রাজনীতি করব। তাই তাদের মিষ্টিমুখ করিয়ে বরণ করে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সহাবস্থান নিশ্চিত করলাম।” গত ৬ সেপ্টেম্বর রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। ১০ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়েল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদের ওপর চড়াও হয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ওই সময় তারা ছাত্রদলের কয়েকজন কর্মীকে মারধরও করা হয়। পরদিন একই ধরনের ঘটনা ঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। ছাত্রলীগের মিষ্টিমুখের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ট্রেজারারের কার্যালয়ে যান ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যরা। পরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ফয়সাল আহমেদ সজল বলেন, “ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ধরে রাখার জন্য ছাত্রদলের নবগঠিত কমিটি সর্বাত্মক চেষ্টা করে যাবে।” এরপর তারা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মাঠে যান। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিষ্টিমুখ করে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যান ছাত্রদলের নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৩৫৪ ঘ.