২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকের আরো সাত কর্মকর্তা দুদকে

অর্থ কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের মুখোমুখী হতে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছেন সোনালী ব্যাংকের আরো সাত কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 06:35 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের মুখোমুখী হতে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছেন সোনালী ব্যাংকের আরো সাত কর্মকর্তা। এই সাতজন হলেন সোনালী কার্যালয়ের প্রধান কার্যালয়ের মহা ব্যবস্থাপক মো. মুস্তাফিজুর রহমান ও আলী হোসেন খান, উপ মহা ব্যবস্থাপক মো. এজাজ আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. সোহরাব হোসেন ও মো. মোখলেছুর রহমান, সিনিয়র অফিসার জেসমিন নাহার ও জুনিয়র অফিসার মো. জিল্লুর রহমান। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপ পরিচালক মীর জয়নাল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন ৬ সদস্যের বিশেষ দল। সমাপ্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষা প্রতিবেদনে কতিপয় কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ছয়টি প্রতিষ্ঠান তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে নেয়ার বিষয়টি বেরিয়ে আসলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই তুলে নেয় দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি। ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের অন্তত ২০ জন কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওএসডি করা হয়েছে দুই উপ ব্যবস্থাপনা পরিচালককে। এই কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সাবেক মহাব্যবস্থাপক আ ন ম মাশরুরুল হুদা সিরাজী, মহাব্যবস্থাপক নওশের আলী ও মোহাম্মদ মাহবুবুল হক, উপ মহাব্যবস্থাপক মো. মুছা, শেখ আলতাফ হোসেন ও মো. সফিউদ্দিন আহমেদকে রোববার জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১২২৫ ঘ.