২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের আরো ৪টি ফ্লাইট বাতিল

ভাড়ায় আনা একটি উড়োজাহাজ হঠাৎ চলে যাওয়ায় ফ্লাইটসূচি ঠিক রাখতে হিমসিম খাচ্ছে বিমান। আগের দিনের ধারাবাহিকতায় সোমবার বাতিল হয়েছে চারটি ফ্লাইট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 10:42 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়ায় আনা একটি উড়োজাহাজ হঠাৎ চলে যাওয়ায় ফ্লাইটসূচি ঠিক রাখতে হিমসিম খাচ্ছে বিমান। আগের দিনের ধারাবাহিকতায় সোমবার বাতিল হয়েছে চারটি ফ্লাইট। সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ঢাকা-কাঠমান্ডু, ঢাকা-কলকাতা, ঢাকা-দোহা এবং ঢাকা-দুবাইয়ের নিয়মিত ফ্লাইট বাতিল করা হয়েছে। হজযাত্রী পরিবহন শুরুর ঠিক আগ মুহূর্তে চুক্তির মেয়াদ শেষের আগেই পর্তুগালের বিমান সংস্থা এয়ার আটলান্টার কাছ থেকে ভাড়ায় আনা পাঁচ শতাধিক আসনের একটি বোয়িং-৭৪৭ চলে যাওয়ার পর থেকে বিমানের ফ্লাইট সূচি ঠিক থাকছে না। রোববারও বাতিল হয় বিমানের তিনটি নির্ধারিত ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন দেশের যাত্রীরা। আটকে পড়া ওই যাত্রীদের অপেক্ষাকৃত ছোট বিমানে গন্তব্যে পৌঁছে দিতে গিয়ে ভেঙে পড়েছে বিমানের নিয়মিত ফ্লাইট। গত ১২ সেপ্টেম্বর মাসকাট বিমানবন্দরে ২২৫ জন যাত্রী ফেলে নিজ দেশে চলে যায় এয়ার আটলান্টার উড়োজাহাজটি। এই বোয়িং-৭৪৭ উড়োজাহাজটি দিয়ে কুয়ালালামপুর, জেদ্দা, রিয়াদ, মাসকাটসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইট পরিচালনা হত। বিমানের তথ্য অনুযায়ী, ওই উড়োজাহাজ দিয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় আটটি ফ্লাইট পরিচালনার কথা ছিল। এর প্রত্যেকটি ফ্লাইটে সাড়ে চারশ’র বেশি যাত্রী বহন করার কথা। ওই বোয়িং-৭৪৭ উড়োজাহাজটির নির্ধারিত ঢাকা-রিয়াদ রুটের যাত্রীদের সোমবার অপেক্ষাকৃত ছোট উড়োজাহাজে গন্তব্যে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয় বিমান। তবে সব যাত্রী সঙ্কুলান না হওয়ায় অর্ধেক যাত্রী নিয়েই উড়াল দেয় উড়োজাহাজটি। এতে ক্ষুব্ধ হয়ে শাহজালাল বিমানবন্দরের ভেতরে ভাংচুর করে বাদপড়া যাত্রীরা। এর আগে গত ৯ সেপ্টেম্বর বিমানের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, হজ ফ্লাইট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোট ১৩টি আন্তর্জাতিক রুটে সপ্তাহে মোট ২৬টি ফ্লাইট তিন মাসের জন্য বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৮৩৭ ঘ.