২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রীর আস্থার প্রতি বিশ্বাসঘাতকতা করবো না’

প্রধানমন্ত্রী আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করার কথা জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করার কথা জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই। দায়িত্ব পাওয়ার পর একদিন পর রোববার দুপুর সোয়া ১টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যান প্রতিমন্ত্রী। এ সময় মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস তার কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নতুন প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পরে গণমাধ্যমের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় আব্দুল হাই বলেন, “এতদিন দলের পক্ষে কথা বলেছি, কাজ করেছি। এখন নেত্রী আমার ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন। ৩৫০ জন সংসদ সদস্যের যে কাউকে তিনি এ দায়িত্ব দিতে পারেন। কিন্তু তিনি আমার প্রতি আস্থা রেখেছেন।” শনিবার নতুন পাঁচ মন্ত্রীদের দপ্তর বণ্টনের পাশাপাশি প্রতিমন্ত্রী আব্দুল হাইকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এবং ওমর ফারুক চৌধুরীকে শিল্প মন্ত্রণালয়ে দেয়া হয়। নতুন সহকর্মী পাওয়ার প্রতিক্রিয়ায় মন্ত্রী লতিফ বিশ্বাস বলেন, “এতদিন অন্য সহকর্মীদের নিয়ে একাই এ মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব পালন করেছি। এখন নতুন সহকর্মী পেয়েছি। তাকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।” মন্ত্রণালয়ের সচিব উজ্জল বিকাশ দত্ত জানান, প্রতিমন্ত্রীর বসার জন্য এখনো কোন দপ্তর নির্দিষ্ট করা সম্ভব হয়নি। “যতদিন তার জন্য কোন সুসজ্জিত দপ্তরের ব্যবস্থা না হয়, ততদিন তিনি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের জন্য বরাদ্দ করা দপ্তরে বসবেন।” অতিরিক্ত সচিব বর্তমানে ওমরাহ হজের জন্য সৌদি আরবে রয়েছেন। পরে যুগ্ম-সচিব মোহাম্মদ শামসুল কিবরিয়া ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলীসহ মন্ত্রণালয় এবং এর অধীনের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা নতুন প্রতিমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬১৫ ঘ.