ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর দেয়ার পুরো প্রক্রিয়া আরো ‘সহজ’ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জন প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।
রোববার ঢাকা অফিসার্স ক্লাবে তৃতীয় আয়কর মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রীর জন প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, “ইন্টারনেটের মাধ্যমে আয়কর বিবরণী জমা দেয়াসহ কর দেয়ার পুরো প্রক্রিয়া সহজ নয়। এটাকে আরো সহজ করতে হবে।”
তবে কর আদায়ে মেলা আয়োজনের এ উদ্যোগের প্রশংসা করেন তিনি।
জনগণকে কর দিতে উৎসাহিত করতে রোববার দেশের সাতটি বিভাগীয় শহরসহ ১৮টি জেলায় এ মেলা শুরু শুরু হয়েছে।
সাতটি বিভাগীয় শহরে আয়কর মেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর জেলা শহরগুলোতে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। গত বছর শুধু বিভাগীয় শহরগুলোতেই এ মেলার আয়োজন করা হয়েছিল।
এনবিআরের হিসাবে, ১৯৭২-১৯৭৩ অর্থবছরে দেশে আয়কর আদায় হয়েছিল ১০ কোটি ৩৬ লাখ টাকা, যা ২০১১-২০১২ অর্থবছরে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৬১ কোটি ৮৭ লাখ টাকা।
দেশে বর্তমানে কর ও জিডিপির অনুপাত ১০ দশমিক ৪৯ শতাংশ। ২০১৬ সালের মধ্যে এটা ১৩ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
আয়কর দিতে মানুষকে উৎসাহিত করতেই মেলার আয়োজন জানিয়ে এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, আগামী বছর দেশের সব জেলা শহরে মেলা করার ইচ্ছা তাদের আছে।
এবার আয়কর মেলার মাধ্যমে অন্তত এক লাখ মানুষ রাজস্ব বোর্ডের বিভিন্ন সেবা পাবে বলেও তিনি আশা প্রকাশ করন।
সাকাল ১০টা থেকে বিকেল পাঁচটা এ মেলায় বার্ষিক আয়কর রিটার্ন জমা দেয়া ছাড়াও নতুর কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) নেয়, করের টাকা জমা দেয়া এবং কর বিষয়ে যে কোনো পরামর্শ নিতে পারবেন।
চলতি অর্থবছরের এনবিআরের মাধ্যমে রাজস্ব সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে এক লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা। এর মধ্যে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ৩৫ হাজার ৩০০ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, দেশে টিআইএনধারীর সংখ্যা ৩৫ লাখ ২৭ হাজার ৭৯২ জন হলেও নিয়মিত আয়কর দেন ১৪ লাখের কিছু বেশি মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১২১০ ঘ.
bdnews24