নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে এক শ্রমিককে পিটিয়ে হত্যার ‘গুজব’ ও ছিনতাই ‘বৃদ্ধির’ প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ দেখিয়েছে পোশাক শ্রমিকরা।
এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক লোক।
জেলার পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, বিক্ষুদ্ধ শ্রমিকরা বেলা ১২টায় অবরোধ শুরুর পর পুলিশের একটি পিকআপভ্যান, পুলিশ বক্স ও ৪টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
“পুলিশ শতাধিক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর পৌনে ২টায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ফের যান চলাচল শুরু হয়।”
কাঁচপুরে সিনহা গার্মেন্টসের শ্রমিক আঞ্জুমান আরা, দেলোয়ারা ও অহিদুল জানান, তাদের কয়েকজন সহকর্মী গত কয়েক দিনে সিদ্ধিরগঞ্জের আশপাশের এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন।
বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তারা।
আঞ্জুমান বলেন, “শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে দ্ইু পোশাক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা পয়সা ও মোবাইল কেড়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।”
এলাকাবাসী জানায়, এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার গুজবে রোববার সকালে আদমজী ইপিজেডের ভেতরে থাকা দেশি-বিদেশি শিল্পকারখানার শ্রমিকরা ইপিজেডের ভেতরে বিক্ষোভ শুরু করে। সকাল ১০টার দিকে রাস্তায় নেমে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে তারা।
বেলা পৌনে ১২টার দিকে কারখানার কয়েক হাজার শ্রমিক সেখান থেকে মিছিল নিয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এরপর কাঁচপুরে সিনহা গার্মেন্টসের শ্রমিকরা বেরিয়ে এলে দুপুর সাড়ে ১২টা থেকে ঢাকা-সিলেট মহাড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ বিক্ষুদ্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। শ্রমিকরা শিমরাইল মোড়ে পুলিশ বক্স, একটি পিকআপভ্যান ও ৪টি মোটর সাইকেলে আগুন দেয়।
এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৭১৩ ঘ.
bdnews24