কক্সবাজার, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে সমুদ্রে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোরের সন্ধান এখনো মেলেনি।
শুক্রবার দুপুর ১টার দিকে নিখোঁজ হয় শহরের পাহাড়তলির জিয়ানগরের মোস্তফা (১৩) ও আরমান (১৩)।
কক্সবাজার সৈকতে দায়িত্বরত ‘রবি’ লাইফ গার্ডের পরিচালক সৈয়দ নূর বলেন, লাবণী পয়েন্টে দুপুর ১টার দিকে নামে শহরের পাহাড়তলি এলাকার ৬ কিশোর। এক সময় তারা অনেক দূরে চলে যায়। লাইফ গার্ড কর্মীদের নজরে এলে তারা দ্রুত ৪ জনকে সাগর থেকে উদ্ধার করেন।
উদ্ধারের পর তাদের সঙ্গে আরো দুইজন ছিল বলে জানায় ওই কিশোরেরা। তবে এখনও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে লাইফ গার্ড কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৪০ ঘ.
bdnews24