চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড় বলদিয়া গ্রামের বিপরীতে সীমান্তের ওপারে বাংলাদেশি এক যুবকের লাশ পড়ে আছে।
শনিবার সকালে কৃষকরা ভারতের ৫০ গজের মধ্যে মাঠে লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়।
লাশটি বড় বলদিয়া গ্রামের রমজান আলীর ছেলে সাহেদ খান বিপ্লবের (২৫) বলে গ্রামবাসীরা সনাক্ত করেছে।
বিজিবির মদনা ফাঁড়ির কর্মকর্তা হাবিলদার আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, সীমান্তের ৮৩ মেইন পিলার ও ৫৬ সাব পিলারের ৫০ গজ ভারতের অভ্যন্তরে লাশটি পড়ে আছে।
দুপুরে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক শেষে রশিদ বলেন, ময়নাতদন্ত না করে বিএসএফ লাশ ফেরত দেবে না বলে জানিয়েছে। ভারতের অভ্যন্তরে ময়নাতদন্তের পর রোববার তারা লাশ ফেরত দিতে পারে।
বিপ্লবের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন। ভারতের পক্ষে ছিলেন ৯২ বিএসএফের কমান্ডার ইন্সপেক্টর জয় কৃষণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/আরএ/১৫৫৫ ঘ.
bdnews24