২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনবল সংকটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

পাঁচ হাজারের মতো বন্দি থাকলেও কাজ চালানো হয় সাতশ’ বন্দি ধারণ ক্ষমতার কারাগারের জনবল নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 05:03 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

উত্তম সেন গুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক দশকেরও বেশি সময় ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আয়তন ও বন্দির সংখ্যা বাড়লেও কারারক্ষীর সংখ্যা বাড়েনি। ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা কারাগারকে কেন্দ্রীয় কারাগারে রূপান্তর করা হয়। এরপরে দুই দফায় এই কারাগারের আয়তন বাড়ানো হয়। এতে বাড়ে বন্দি ধারণা ক্ষমতাও। তবে প্রয়োজনের তুলনায় লোকবল কম থাকায় নিরাপত্তাসহ নানা ধরনের সমস্যায় পড়তে হয় বলে জানায় কারা কর্তৃপক্ষ। মোট ১৬ দশমিক ৮৭ একর আয়তনের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভিতরে রয়েছে ১১ দশমিক ৫৫ একর এলাকা। এর বাইরে কর্মকর্তাদের বাসভবনসহ অন্যান্য স্থাপনাও রয়েছে। এছাড়া কারাগারের আধুনিকায়ন করে গত বছরের ২০ ডিসেম্বর এর অভ্যন্তরে নতুন ভবনসহ বেশ কিছু স্থাপনার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। কিন্তু এরপরেও এখানে নতুন কোনো জনবল নিয়োগ করা হয়নি। এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. ছগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক হাজার সাতশ’ ৫১ জন বন্দি ধারণ ক্ষমতার কারাগারে বর্তমানে প্রায় পাঁচ হাজার বন্দি রয়েছে। “প্রায় পাঁচ হাজার বন্দি থাকলেও কাজ চালানো হচ্ছে সাতশ’ বন্দি ধারণ ক্ষমতার কারাগারের জনবল দিয়ে।” কারাগারে জনবল সংকট থাকায় কারারক্ষীদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। এছাড়া তারা বিধি অনুসারে ছুটি কাটাতে পারে না বলে জানান তিনি। কারাগার সূত্রে জানা যায়, কারাগারে ৩৪৩টি পদের বিপরীতে ২৮৪ জন কর্মরত আছেন। তার মধ্যে একজন জ্যেষ্ঠ জেল সুপার, একজন জেলার, পাঁচজন ডেপুটি জেলার এবং একজন পুরুষ ডাক্তার। এদিকে কারাগারে ২৮৪ জন পুরুষ কারারক্ষীর বিপরীতে ২৩৪ জন এবং ১০ জন মহিলা কারারক্ষী দায়িত্ব পালন করছেন। এছাড়া কারাগারে নারী চিকিৎসকের জন্য একটি পদ থাকলেও সে পদে কোনো ডাক্তার কর্মরত নেই। জ্যেষ্ঠ জেল সুপার মো. ছগির মিয়া বলেন, কর্মরতদের মধ্যে ৫০/৬০ জন কারারক্ষী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও আদালতে বন্দিদের আনা-নেওয়া এবং সেখানে নিরাপত্তার কাজে নিয়েজিত থাকেন। জনবল সংকটের কারণে কারাগারে পাহারায় প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ সম্ভব হয়না বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএইচ/এইচএ/২৩০০ ঘ.