২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসাতে গিয়ে র‌্যাবের সোর্সসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ নগরীতে অস্ত্র রেখে এক ব্যক্তিকে ফাঁসাতে গিয়ে সোর্সসহ দুই জন গ্রেপ্তার হয়েছে র‌্যাবের হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ নগরীতে অস্ত্র রেখে এক ব্যক্তিকে ফাঁসাতে গিয়ে সোর্সসহ দুই জন গ্রেপ্তার হয়েছে র‌্যাবের হাতে। শুক্রবারের এ অভিযানে একটি কাটা রাইফেল উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার হয়েছেন নগরীর দেওভোগ এলাকার রিয়াজ প্রধানের ছেলে সাজু (২২) এবং প্রয়াত লক্ষণ নমসুদ্রের ছেলে ভোদলা নমসুদ্র। র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির কমান্ডার আবু সাঈদ বলেন, ভোর ৬টার দিকে র‌্যাবের সোর্স সাজুর কাছে খবর পেয়ে র‌্যাব পশ্চিম দেওভোগ বাংলাবাজার ডাইন রোডের আব্দুল লতিফ মিয়ার বাড়ির নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। এ সময় সাজু ওই ভবনের প্রথম তলার সানসেড থেকে পয়েন্ট টুটু বোরের একটি কাটা রাইফের নিজ হাতে বের করেন। বিষয়টি র‌্যাব কর্মকর্তাদের সন্দেহজনক মনে হলে তারা সোর্স সাজুকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাজু পূর্ব শক্রতার জের ধরে আব্দুল লতিফ মিয়ার ছেলে দোলনকে ফাঁসানোর চেষ্টার কথা স্বীকার করেন। এছাড়া এ কাজের পরিকল্পনাকারী হিসেবে ভোদলা নমসুদ্রের নামও সাজু প্রকাশ করেন। পরে দেওভোগ বাংলাবাজার থেকে ভোদলাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব কর্মকর্তা আরো বলেন, ভোদলা’র নামে ফতুল্লা ও সদর থানায় একাধিক মামলা রয়েছে। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তারদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৮ ঘ.