ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ওয়ারিতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত আফরোজা খাতুন (২৫) ওয়ারির বনগ্রামের একটি বাসায় স্বামীর সঙ্গে থাকতেন। চার মাসের অন্তঃসত্ত্বা আফরোজার গলায় কালো দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আফরোজাকে শুক্রবার দুপুর ২টার দিকে তার স্বামী মজিবুল ইসলাম হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“মজিবুল পুলিশকে বলেছেন, দুপুরে বাসার দরজায় তালা দিয়ে তিনি নামাজ পড়তে যান। ফিরে আফরোজাকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাকে হাসাপাতালে নিয়ে আসেন, ” বলেন এসআই মোজাম্মেল হক।
স্ত্রীকে ঘরে রেখে বাইরে তালা দিয়ে বেরোনোর কারণ জানতে চাইলে মজিবুল কোনো উত্তর দেননি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, মজিবুলের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে আটক করা হয়েছে।
“বিষয়টি রহস্যজনক। আফরোজার গলায় কালো দাগ রয়েছে এবং তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/১৭১০ ঘ.
bdnews24