২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ ছয় ‘ডাকাত’ গ্রেপ্তার

চট্টগ্রামে সাবেক এক ওয়ার্ড কাউন্সিলরের বাসায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 08:30 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সাবেক এক ওয়ার্ড কাউন্সিলরের বাসায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধ ও বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নগর গোয়েন্দা ও খুলশী থানা পুলিশ ওই ছয় জনকে গ্রেপ্তার করে। এরা হলেন- আলী হোসেন (৩৮), শফি আলম (৩৮), আনোয়ার (২৫), সেলিম (৩৫), আলমগীর (৪০) ও জামান (৩৮)। সন্তোষ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২ সেপ্টেম্বর নগরীর লালখানবাজার এলাকায় ওই ডাকাতির ঘটনায় বুধবার রাতে ভাটিয়ারী এলাকা থেকে প্রথমে আনোয়ারকে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী সেলিমকে গ্রেপ্তার করা হয়। এরপর গভীর রাতে পাহাড়তলী এলাকার আল-আমীন হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আলমগীরকে। তার স্বীকারোক্তি অনুযায়ী খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশার ড্রাইভার জামানকে গ্রেপ্তার করা হয় এবং মনছুরাবাদ এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয় বলে জানান সন্তোষ চাকমা। পরে জামানের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় আমবাগান এলাকা থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসআই সন্তোষ জানান, বৃহস্পতিবার রাতে আলী হোসেনের বাসা থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি পিস্তল, একটি এলজি, একটি বন্দুক এবং নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/১৪২৫ ঘ.