২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশ

প্রাথমিক বিদ্যালয়ে শিশু ভর্তির হার বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি তদারকি করতে অফিস আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক বিদ্যালয়ে শিশু ভর্তির হার বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি তদারকি করতে অফিস আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার গণগত মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের অফিস পরিদর্শনের জন্য কয়েকটি কমিটিও গঠন করা হয়েছে। এসব কমিটিকে মাঠ পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট অফিস সরেজমিন পরিদর্শনে পাওয়া বিভিন্ন অভিযোগ এবং সুপারিশ তুলে ধরে মন্ত্রণালয়ে প্রতিবেদন দিতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীনস্ত অধিদপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একাধিক কমিটি করা হবে। এই কমিটি মাঠ পার্যায়ের বিদ্যালয় ও সংশ্লিষ্ট অফিস পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে। পর্যায়ক্রমে আরো কমিটি গঠন করে দেশের সব জেলার প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট অফিস পরিদর্শন করবেন কমিটির সদস্যরা। আগামী ১৫ সেপ্টেম্বর কুমিল্লা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও জামালপুর জেলার সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট অফিস পরিদর্শনের জন্য ছয়টি পৃথক কমিটি করা হয়েছে বলে জানান গিয়াস উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২১১২ ঘ.