চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর গুজবকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড়ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা।
এ সময় তারা দুর্ঘটনার জন্য দায়ী বাসটিতে আগুনও দেয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পন্থিছিলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস উম্মে হাবিবা (৭) নামে এক শিক্ষার্থীকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
উম্মে হাবিবা স্থানীয় ইসলামপুর দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী। সে সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুরের দক্ষিণ কেদারখিল এলাকার মো. ওসমানের মেয়ে।
এ সময় গুজব ছড়িয়ে পড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
ওই সময় সীতাকুণ্ড থানার ওসি সামিউল হাসানসহ স্থানীয় সাংবাদিকরাও জানিয়েছিলেন দুর্ঘটনায় ওই শিশুর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ওই মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় জনগণ ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বলে জানান থানার ওসি সামিউল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এসময় বিক্ষুব্ধরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে বিক্ষুব্ধরা বুঝিয়ে সড়ক থেকে তুলে দিলে বেলা ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটিকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
উম্মে হাবিবার পিতা মো. ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়েছে। তার অবস্থা এখনো শংকামুক্ত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০২৭ ঘ.
bdnews24