ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে মামলা করতে আরো সময় প্রয়োজন হবে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত।
অনিয়মের মাধ্যমে ঋণ গ্রহণকারী হলমার্কের বিরুদ্ধে মামলা করতে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশের দুদিন পর বৃহস্পতিবার সোনালী ব্যাংকের পক্ষ থেকে একথা জানানো হল।
মামলার জন্য দুজন আইনজীবী নিয়োগ করা হয়েছে জানিয়ে প্রদীপ কুমার সাংবাদিকদের বলেন, “আইনের ফাঁক-ফোকর বন্ধ করেই মামলা দেয়া হবে এবং এ জন্য আইনজীবীদের সঙ্গে আলোচনা করে দ্রুততার সঙ্গে ফৌজদারি মামলা দেয়ার প্রক্রিয়া চলছে।”
এই সময় নেয়া কোনো ধরনের ছাড় দেয়া নয় দাবি করে তিনি বলেন, “মামলার বিষয়টি হালকাভাবে নেয়া হচ্ছে না, মামলা করতে সময় নিতে হয়, আইনজীবীদের সঙ্গে আলোচনার পরই এ মামলা করা হবে।”
কেলেঙ্কারির সঙ্গে জড়িত কতজনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে এবং মামলার বাদি কে হচ্ছেন- জানতে চাইলে সোনালী ব্যাংক এমডি জানান, এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
কবে নাগাদ মামলা হবে- জানতে চাইলে তিনি বলেন, “নির্দিষ্ট সময় বলতে পারছি না, সেটা আগামী রোববারও হতে পারে বা অন্য কোনো দিনও হতে পারে।”
মামলায় দেরি হলে সন্দেহভাজনরা পালিয়ে যেতে পারেন বলে যে শঙ্কা প্রকাশ করা হচ্ছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রদীপ কুমার বলেন, “দেশের বাইরে যাওয়ার উপায় নেই, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেয়া হয়েছে।”
বাংলাদেশ ব্যাংকের এক তদন্তে সম্প্রতি দেখা যায়, হলমার্ক গ্রুপ অনিয়মের মাধ্যমে ২ হাজার ৬৬৮ কোটি টাকা ঋণ নিয়েছে।
বিষয়টি প্রকাশ হলে তা নিয়ে সমালোচনার মুখে রয়েছে সরকার। ঋণের অর্ধেক অর্থ ফেরত দিতে হলমার্ক গ্রুপকে ইতোমধ্যে বলা হয়েছে।
তবে টাকা ফেরত চেয়ে হলমার্ককে দেয়া চিঠির কোনো উত্তর বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া যায়নি বলে স্বীকার করেন প্রদীপ কুমার।
হলমার্কের এই কেলেঙ্কারির জন্য ব্যাংকিং খাত নিয়ে অনেকের শঙ্কার মধ্যেই সোনালী ব্যাংকের এমডি বলেন, “আমানতকারীদের স্বার্থ যেন অক্ষুন্ন থাকে, সেজন্য কাজ করা হচ্ছে। ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ নেই, ব্যাংক লাভে রয়েছে।”
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ সোনালী ব্যাংককে একটি বড় জাহাজের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “জাহাজের নিচে একটু ফুটো হয়েছে, তা ঠিক করার চেষ্টা করা হচ্ছে।”
সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রদীপ কুমার। তার সঙ্গে ছিলেন ব্যাংকের জিএম (জনসংযোগ) হাসান ইকবাল এবং ডিজিএম ড. মো. হাফিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২০১০ ঘ.
bdnews24