গাজীপুর/গাইবান্ধা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার দক্ষিণ সন্তোলা গ্রাম থেকে এক শিশুকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে র্যাব ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
পাঁচদিন আগে পর সাইয়েদুল ইসলাম (৩) গাজীপুর থেকে অপহৃত হয়। সে গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজারের খাইকৈর এলাকার মো. নুরুজ্জামানের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন সাদুল্লাহপুর উপজেলার দক্ষিণ সন্তোলা গ্রামের হাকিম উদ্দিন বেপারীর ছেলে শাহাদুল ইসলাম ওরফে শহিদুল (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৭), একই উপজেলার নোদাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আইয়ুব আলী (২৯), খোদাপুর গ্রামের ফজল হকের ছেলে মেহেদুল ইসলাম (২৮) ও পলাশবাড়ী উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামে আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা (২৫)।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন জানান, বাড়ির উঠান থেকে গত ৮ সেপ্টেম্বর সাইয়েদুলকে অপহরণ করা হয়।
“এরপর তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।”
এ বিষয়ে সাইয়েদুলের বাবা নুরুজ্জামান বাদি হয়ে একটি মামলা করেন।
“র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প ও গাইবান্ধা পুলিশের সহযোগিতায় মোবাইল ফোন ট্র্যাকিং করে বুধবার রাতে গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আয়নাল, সোহেল, আইয়ুব ও মেহেদুল গ্রেপ্তার করা হয়।”
“এদের দেওয়া তথ্যানুসারে সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ সন্তোলা গ্রামের শাহাদুলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫৩৫ ঘ.
bdnews24