ঢাকা, সেপ্টেম্বর ১২, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আদালতে অবাঞ্ছিতদের ঘোরাঘুরি বন্ধে কঠোর হতে বিচারকদের বলেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
অনিয়ম না করতে বিচারকদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই ধরনের কিছু সহ্য করা হবে না।
প্রধান বিচারপতি বুধবার পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে ঢাকা আইনজীবী সমিতির ঈদ পুনর্মিলনী এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তব্যে মোজাম্মেল হোসেন বলেন, “ঢাকার আদালতে কিছু অবাঞ্ছিত লোক ঘোরাঘুরি করে- এ খবর আমার কাছে আছে। তাদেরকে চিহ্নিত করে আইনের মুখোমুখি করতে বিচারকদের অনুরোধ করছি। আদালতে যাতে কোনো প্রকারের অনিয়ম, দুর্নীতি না হয়, সে ব্যাপারে আপনাদের (বিচারকদের) খেয়াল রাখতে হবে।”
পুরান ঢাকার আদালতপাড়ায় দালালদের দৌরাত্ম্য দীর্ঘদিনের। এ নিয়ে আইনজীবীরা বিভিন্ন সময় সরব হলেও তা কমেনি।
“ঢাকার দায়রা জজ, সিএমএম, সিজিএফসহ প্রত্যেক বিচারকবৃন্দকে নির্দেশ দিচ্ছি, সেরেস্তায় কোনো অনিয়ম হচ্ছে কিনা, মামলার নকল কপি তুলতে বিচারপ্রার্থীদের কোনো কষ্ট হচ্ছে কি না, তা খেয়াল রাখবেন,” বলেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, “মাঝে মাঝে কিছু বিচারকদের অনিয়মের খবর কানে আসে। তখন খুব কষ্ট পাই। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”
ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে মোজাম্মেল হোসেন বলেন, “অনেক সময় নি¤œ আদালতে মামলার অনেক গুরুত্বপূর্ণ আসামিকে খালাস দেওয়া হয়, যা অন্যায়। কোনোভাবেই যেনতেনভাবে রায় দেয়া চলবে না।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার দায়রা জজ জহুরুল হক, প্রধান মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন, মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২২৪১ ঘ.
bdnews24