কক্সবাজার, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের দু’জন উপ-সহকারী পররাষ্ট্র সচিব বুধবার কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করেছেন।
তারা হলেন- শরণার্থী ও অভিবাসন ব্যুরোর উপ-সহকারী সচিব কেলি ক্লিমেন্টস এবং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরোর উপ-সহকারী সচিব ড্যান বায়ের।
এ সময় তাদের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা।
বিকালে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবির ঘুরে দেখেন।
বৃহস্পতিবার সকালে তারা টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছন।
এর আগে দুপুরে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে আধঘণ্টা বৈঠক করেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ নুরুল বাসির সাংবাদিকদের বলেন, বেলা দেড়টায় মার্কিন প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় কক্সবাজারে কর্মরত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ফিরোজ সালাহউদ্দিন ও জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন।
তিনি আরো বলেন, বৈঠক শেষে প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শনে যান।
কুতুপালং শরণার্থী শিবিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) জালাল উদ্দিন জানান, বিকাল ৩টা ২০ মিনিটে মার্কিন প্রতিনিধি দল শরণার্থী শিবিরে পৌঁছান। এখানে তারা দুই ঘণ্টা শিবিরে অবস্থান করেন এবং শরণার্থীদের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসক মো. জয়নুল বারী সাংবাদিকদের বলেন, কক্সবাজারে রোহিঙ্গাদের বিভিন্ন নেতিবাচক কর্মকা-ের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানা উদ্বেগের কথা প্রতিনিধি দলকে জানানো হয়।
এদিকে শরণার্থী শিবির পরিদর্শন শেষে মার্কিন প্রতিনিধি দলের কোনো সদস্যই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি।
তাদের সঙ্গে থাকা ঢাকার আমেরিকান সেন্টারের গণ যোগাযোগ সমন্বয়কারী সৈয়দ শাহনওয়াজ মহসিন বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের অন্য সদস্যরা ক্লান্ত থাকায় তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন না।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে তারা টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবির পরিদর্শন শেষে দুপুরে ঢাকায় ফিরে যাবেন। বুধবার রাতে থাকবেন টেকনাফ।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিন দেখতে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকা এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২০৪ ঘ.
bdnews24