২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ পরিচয়ে ডিমের গাড়ি ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মঙ্গলবার পুলিশ পরিচয়ে ডিম বোঝাই একটি পিক-আপ ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মঙ্গলবার পুলিশ পরিচয়ে ডিম বোঝাই একটি পিক-আপ ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে পরিত্যক্ত অবস্থায় পিক-আপ ভ্যানটি উদ্ধার এবং ঘটনায় সঙ্গে জড়িত অভিযোগে মহিলাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আটকদের স্বীকারোক্তি অনুযায়ী পাঁচ হাজার ডিম উদ্ধার করা হয়েছে। আটরা হলেন নাঈম হোসেন ওরফে নাহিদ (২৫), অলি উল্লাহ (২৪), জামাল হোসেন (৩৫), আব্দুল্লাহ (২৩), আনোয়ার হোসেন (৩৪) ও জুলিয়া আক্তার (৩৮)। ডিমের মালিক ব্যবসায়ী জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে টাঙ্গাইলের সখিপুর থেকে পিক-আপ ভ্যানটিতে করে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ৫৬ হাজার ডিম নিয়ে ঢাকার শনির আখরায় তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওয়ানা হন। রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় মাইক্রোবাসে আসা একদল যুবক তার ভ্যানের গতিরোধ করে। তারা নিজেদের জেলা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ভ্যানটি তাদের নিয়য়ন্ত্রণে নেয়। প্রতিবাদ করলে চালক ও সহকারীকে মারধর করে ভ্যানটি নিয়ে চলে যায়। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বেলা ১১টার দিকে পুলিশ সোনারগাঁও উপজেলার বারদি থেকে পরিত্যক্ত অবস্থায় পিক-আপ ভ্যানটি উদ্ধার করেছে। এরপর নরসিংদীর মধাবদীর খৈরার বাজার থেকে মহিলাসহ ছয় জনকে আটক এবং পাঁচ হাজার ডিম উদ্ধার করা হয়। ব্যবসায়ী জহিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৮ ঘ.