ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় শাহিদা বেগম (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।
স্বামী শাখাওয়াত তাকে কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশের ধারণা।
শাখাওয়াতের ভাতিজি হাফিজার উদ্বৃতি দিয়ে রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিন আগে শাখাওয়াত তার দ্বিতীয় স্ত্রী শাহিদাকে নিয়ে পূর্ব রামপুরার মোল্লাবাড়িতে তার বাড়িতে বেড়াতে আসেন।
বুধবার দুপুরে হাফিজা পাশের বাসায় কোরআন শরিফ পড়াতে যাওয়ার সময় শাখাওয়াত এবং শাহিদা বাসায় ছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে হাফিজা বাসায় ফেরার সময় বাসার কাছেই তার চাচা শাখাওয়াতকে দ্রুত রিকশা নিয়ে যেতে দেখেন।
“আমি চাচাকে ডাকি কিন্তু তিনি কোনো কথা না বলে তাড়াতাড়ি চলে যান,” হাফিজা পুলিশকে এ কথা জানিয়েছে বলে উল্লেখ করেন ওসি।
এর পরই বাসায় গিয়ে শাহিদাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক শাহিদাকে মৃত ঘোষণা করেন।
শাখাওয়াতকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি দেলোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২০১১ ঘ.
bdnews24