ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড্যাবের এক চিকিৎসককে হত্যাচেষ্টার মামলায় জামিন নিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাজহারুল ইসলাম দোলন।
বুধবার হাই কোর্টে হাজির হয়ে দোলনের পাশাপাশি জামিন নেন ওই মামলার অন্যতম আসামি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসা কর্মকর্তা এরফানুল হক সিদ্দিকীও।
বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবের ডা. মোফাখখারুল ইসলাম রানার করা এই মামলায় এই দুই চিকিৎসককে আগাম জামিন দিয়েছে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর অবকাশকালীন বেঞ্চ।
ডা. দোলন ও ডা. এরফানের এই জামিনের মেয়াদ চার সপ্তাহ।
ড্যাবে কোন্দলের জের ধরে ডা. মোফাখখারকে হত্যার চেষ্টা হয় বলে র্যাব সম্প্রতি জানিয়েছে। ওই ‘পরিকল্পনায়’ জড়িত কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে, যার মধ্যে দোলনের সমর্থক এক চিকিৎসকও রয়েছেন।
এরপর গত ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্লবী থানায় মামলা করেন ডা. মোফাখখার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৫৫৬ ঘ.
bdnews24