২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হলমার্ক কেলেঙ্কারিতে সামান্যতম জড়িত নই’

সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রথমে কথা বলতে না চাইলেও পরে এমন দাবিই করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 09:03 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্কের অর্থ কেলেঙ্কারির সঙ্গে ‘সামান্যতম জড়িত’ নন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, যাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোনালী ব্যাংকের একটি শাখা থেকে নিয়ম বহির্ভূতভাবে ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে নেওয়ার ঘটনায় প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার নাম আসায় সাংবাদিকরা বুধবার এ বিষয়ে তার কাছে জানতে চান। আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোদাচ্ছের আলী বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেও হলমার্ক প্রসঙ্গ আসামাত্র সরে যাওয়ার চেষ্টা করেন। এক সাংবাদিক এ সময় বলেন, “স্যার, হলমার্ক নিয়ে পত্র-পত্রিকায় আপনার নাম এসেছে।” সঙ্গে সঙ্গে মোদাচ্ছের আলী “নো কমেন্টস” বলে প্রায় দৌঁড়ে ওই ভবনের কাঁচের দরজার পেরিয়ে একটি কাউন্টারের সামনে দাঁড়ান। সেখানে দাঁড়িয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, “তোমাদের যা ইচ্ছা লিখে দাও।” এ কথা বলতে বলতে মোদাচ্ছের লিফটের দিকে এগোতে থাকেন। সাংবাদিকরাও এ সময় তার সঙ্গে সঙ্গে হাঁটতে থাকেন। এক সাংবাদিক এ সময় বলেন, “স্যার, দুদক থেকে ডাকলে আপনি যাবেন?” এক পর্যায়ে মোদাচ্ছের বলেন, “শোনো, তোমরা আমার সন্তানের মতো। এ জন্যই আমি বলছি, ওই ঘটনার সঙ্গে আমি সামান্যতম জড়িত নই।” “আমি তো বলতে পারতাম- আমি কিছুই জানি না। শুধু তোমরা সন্তানের মতো বলেই আমি এই কথা বললাম”, যোগ করেন উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষা প্রতিবেদনে সম্প্রতি বলা হয়, কতিপয় কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ছয়টি প্রতিষ্ঠান তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলেছে, যার মধ্যে হলমার্ক গ্রুপ একাই তুলে নিয়েছে দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি। ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের অন্তত ২০ জন কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওএসডি করা হয়েছে দুই উপ ব্যবস্থাপনা পরিচালককে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। হলমার্কের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মহা ব্যবস্থাপককে (জিএম) জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এ বিষয়ে বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোদাচ্ছেরের নাম আসায় তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দুদক। সংবাদপত্রে প্রকাশিত এসব প্রতিবেদনে বলা হয়, উপদেষ্টার হস্তক্ষেপেই হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে টাকা সরিয়েছে। গত মাসের শেষ দিকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার কর্মকর্তা সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, উপদেষ্টা মোদাচ্ছের আলী প্রায়ই ওই শাখায় যাতায়াত করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৪৫৫ ঘ.