ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রায়ের পর আপিলের সময় অর্ধেকে নামিয়ে আনতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের জন্য জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
সংশোধিত ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুনালস) বিল-২০১২’-এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ের পর আপিল বিভাগে আবেদনের সময়সীমা ৬০ দিনের পরিবর্তে ৩০ করার প্রস্তাব রেখে মঙ্গলবার বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
পরে বিলটি তিন দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এর আগে গত ৩ সেপ্টেম্বর বিলটি মন্ত্রিসভায় অনুমোদন পায়।
প্রস্তাবিত আইনে রায় ঘোষণার দিনই রায়ের সার্টিফায়েড কপি উভয় পক্ষকে দেয়ার বিধান রাখা হয়েছে। ওই কপি পাওয়ার ৩০দিনের মধ্যে আপিল করতে হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বিলটি আইনে পরিণত হলে যুদ্ধাপরাধসহ মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে।
প্রসঙ্গত গত ১৩ জুন এক ট্রাইব্যুনাল হতে অন্য ট্রইব্যুনালে মামলা স্থানান্তরের বিধান রেখে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২ সংসদে পাস হয়।
যুদ্ধাপরাধসহ মানবতা বিরোধী অপরাধের বিচার করতে ২০১০ সালের ২৫ শে মার্চ প্রথম ট্রাইব্যুনাল গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১২৫ ঘ.
bdnews24