ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় বছর আগে সেনাবাহিনীতে অভ্যুত্থানচেষ্টায় ‘জড়িত’ ইশরাক আহমদ ও সৈয়দ মো. জিয়াউল হককে খুঁজে বের করতে নজরদারি বাড়ানো হয়েছে।
বিষয়টি সেনাবাহিনীর একটি দল পর্যবেক্ষণ করছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে জানিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় বৈঠকের কার্যপত্র দেখে এই তথ্য জানা যায়।
সংসদীয় কমিটি ইশরাক ও জিয়াউল হককে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার সুপারিশ করেছে বলে কমিটির সদস্য মঞ্জুর কাদের কোরাইশী সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, “ষড়যন্ত্রকারীরা যদি বিদেশেও পালিয়ে গিয়ে থাকে, তাহলে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে কমিটি সেনাবাহিনীকে পরামর্শ দিয়েছে।”
মেজর জিয়া উগ্র ইসলামপন্থীদের নিয়ে ২০১১ সালের ডিসেম্বরে সেনাবাহিনীতে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিলেন বলে পরের মাসে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এতে ইশরাক নামে প্রবাসী এক বাংলাদেশিও জড়িত বলে জানায় সেনাবাহিনী।
সংসদীয় কমিটির কার্যপত্রে দেখা যায়, গত ৪ এপ্রিল সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশ অনুসারে ইশরাককে দ্রুত গ্রেপ্তার ও তার বিরুদ্ধে বেসামরিক আদালতে আইনি কার্যক্রম পরিচালনার জন্য খসড়া এজাহার সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো হয়েছে।
‘পলাতক ষড়যন্ত্রকারী’ জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ১৮ মার্চ পুলিশ ও র্যাব সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে সংসদীয় কমিটি জেনেছে।
সেনাবাহিনী জানিয়েছে, ষড়যন্ত্রের সঙ্গে জড়িতরা যাতে সমুদ্র পথে চলাচল করতে না পারে সেজন্য উপকূলীয় সমুদ্র এলাকা ও বন্দরগুলোতে নৌ-বাহিনীকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। দুই ষড়যন্ত্রকারী যাতে অব্যাহতি না পায়, সে জন্য অভিজ্ঞ আইনজীবীর পরামর্শও নেওয়া হচ্ছে।
কার্যপত্রে বলা হয়েছে, ইশরাক বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন।
সংসদীয় কমিটির সভাপতি এম ইদ্রিস আলীর সভাপতিত্বে এই বৈঠকে কমিটির সদস্য ছাড়াও প্রতিরক্ষা সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমদ ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মো. ইনামুল বারী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০১৫ ঘ.
bdnews24