ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশের বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা বুধবার শিক্ষামন্ত্রীকে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে তাদের দাবি-দাওয়া মেনে নেওয়ার জোর আবেদন জানাবেন।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আট দফা দাবি আদায় ও শিক্ষা উন্নয়নে তাদের সুপারিশমালা মেনে নিতে বুধবার দেশের প্রত্যেক জেলা থেকে স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে মোবাইল ফোনে এসএমএস করবেন।
অর্থমন্ত্রী বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় এ বিষয়ে তাকেও ই-মেইল করা হবে বলে জানান তিনি।
দীর্ঘ দিন ধরে ফ্রন্ট শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং সাতটি সুপারিশ বাস্তবায়নের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষানীতি ২০১০ এর আলোকে স্থায়ী শিক্ষা কমিশন ও বেসরকারি শিক্ষক নিয়োগে স্বতন্ত্র কমিশন গঠন, সব শিক্ষকের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা প্রদান ও সরকারি শিক্ষক-কর্মচারিদের মতো তাদের জন্যও বাড়ি ভাড়া বাবদ অর্থ বরাদ্দ, পূর্ণ উৎসব ভাতা ও পেনশন, পদোন্নতি এবং টাইম স্কেল চালু করা, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করা।
এছাড়া শিক্ষার উন্নয়নে ফ্রন্টের সাত দফা সুপারিশমালার মধ্যে আছে- শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান উন্নয়ন পর্যবেক্ষণ, পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পদ্ধতির সংস্কার, শিক্ষার্থীদের পাঠ্যক্রম ও শিক্ষকদের শিক্ষণক্রম প্রণয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার স¤প্রসারণে ক্রমান্বয়ে বরাদ্দ বাড়ানো, সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা সিলেবাস যুগোপযোগীকরণ, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের দুপুরে গরম খাবারের ব্যবস্থা এবং কাগজ, পেন্সিলসহ শিক্ষা উপকরণের দাম কমানো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৮১৫ ঘ.
bdnews24