২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অলক গ্রেপ্তার

ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগের পর ইস্তফা দিয়েও গ্রেপ্তার এড়াতে পারেননি কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অলক ভট্টাচার্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগের পর ইস্তফা দিয়েও গ্রেপ্তার এড়াতে পারেননি কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অলক ভট্টাচার্য। গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা থেকে মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সোমবার ওই ছাত্রীর মা বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় অলকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞানের এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর পাঁচ সদস্যের কমিটি বিষয়টি তদন্ত করে। তারা শিক্ষক অলকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান। কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই তিনি নিজে ইস্তফা দেন। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোহাম্মদ কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ছাত্রীর মায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাত বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে ‘তাৎক্ষনিক প্রত্যাহার’র সিদ্ধান্ত নিয়েছে। ৫ সেপ্টেম্বর সিদ্ধান্ত কার্যকর করার কথা ছিল। বিদ্যালয়ের সিদ্ধান্ত কার্যকরের আগে ওই শিক্ষক চাকরিতে ইস্তফা দেন। তার ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে, বলেন প্রধান শিক্ষিকা। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক অলক ভট্টাচার্য প্রাইভেট পড়ানোর আড়ালে ৮ম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। অভিভাবকের লিখিত অভিযোগ পাওয়ার পর প্রধান শিক্ষিকা ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করেন। গত ৪ সেপ্টেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৮ ঘ.