ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের কারণে দুই মাসের বেশি সময় ধরে অচল বুয়েটে আগামী শনিবার থেকে ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন উপাচার্য এস এম নজরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সদস্যরা সোমবারের বৈঠকে ক্লাস শুরুর যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করেছেন, তা মঙ্গলবার উপাচার্যের কাছে উপস্থাপন করেন।
উপাচার্য নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিনস কমিটির সদস্যরা শনিবার ক্লাস শুরুর লক্ষ্যে তৈরি একাডেমিক ক্যালেন্ডার নিয়ে এসেছিলেন। আমি অনুমোদন দিয়ে দেব।”
আগামী সপ্তাহে ক্লাস শুরুর পর অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে বলে উপাচার্য জানান।
অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য ও উপউপাচার্য অপসারণের দাবিতে গত এপ্রিল থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন বুয়েট শিক্ষকরা। পরে শিক্ষার্থীরাও সেই আন্দোলনে যোগ দেয়।
আন্দোলনের মুখে জুলাইয়ে ঈদের ছুটি ঘোষণা করে ক্যাম্পাস বন্ধ করে দেন উপাচার্য। ঈদের ছুটির পর গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।
এরপর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে উপ উপাচার্যকে অপসারণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে বুয়েট কর্তৃপক্ষের দায়ের করা মামলা প্রত্যাহারের আশ্বাস দেন।
সে অনুযায়ী উপ উপচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে গত বৃহস্পতিবার অব্যাহতি দেওয়া হয়। তুলে নেওয়া হয় শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাও।
ক্লাস শুরুর জন্য সোমবার সকালে বৈঠক করে নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করেন বুয়েট ডিনস কমিটির সদস্যরা। বিকালে বৈঠক করে বুয়েট শিক্ষক সমিতি জানায়, শনিবার থেকেই তারা ক্লাসে ফিরছেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শিক্ষামন্ত্রী আমাদের যে সব আশ্বাস দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হওয়ায় আগামী শনিবার থেকে আবার ক্লাসে ফিরে যাওয়ার বিষয়ে শিক্ষক সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।”
সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরাও।
আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থী যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী সুদীপ্ত সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষামন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের যে সব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হওয়ায় আমরা আশ্বস্ত হয়েছি। তাই ক্লাসে ফিরতে আমাদের কোনো বাধা নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩০৫ ঘ.
bdnews24