রাবি, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটুনির একদিন বাদেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত হয়েছে ছাত্রদলের ১১ নেতাকর্মী। এর মধ্যে তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে।
আহতদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য রবিন আহমেদ ও পাপনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশিক, দেলোয়ার ও পাপন ছুরিকাহত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মতিহার থানার ওসি আনিছুর রহমান।
আহত অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম রোজ, আহসানুজ্জামান অলিন, আহ্বায়ক কমিটির সদস্য সামিউল ইসলাম, আবদুল আলীম রাসেল, ইকরামুল হক হিরা, ইমতিয়াজ আহমেদ ও ইয়াসির আরাফাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিলের সময় ছাত্রলীগকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
হামলার পর ছাত্রদলকর্মীরা ক্যাম্পাসের বাইরে ঢাকা-রাজশাহী মহাসড়কে প্রায় ১০টি গাড়ি ভাংচুর করে।
ছাত্রদল নেতাদের দাবি, প্রশাসনের মদদে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়েছে।
অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতারা বলছেন, ছাত্রদল ক্যাম্পাস অস্থিতিশীল করার পাঁয়তারা চালালে তারা বাধা দেন।
ছাত্রলীগ নেতাদের সুর ছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার কণ্ঠেও।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের ১২ মে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব প্রকার মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
“সেই প্রেক্ষিতে কেউ যদি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাহলে তাকে তো আর ছাড় দেয়া যায় না।”
প্রক্টর নিষেধাজ্ঞার কথা বললেও গত এক বছরে ছাত্রলীগ অহরহ মিছিল করলেও প্রশাসনকে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি।
ছাত্রদল নেতা আশিক বলেন, “প্রশাসন তাদের (ছাত্রলীগ) একক সুবিধা দিয়ে আমাদের ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না।”
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু বলেন, “ছাত্রদলের নেতারা সবাই বহিরাগত। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র নেই। তাই আমরা ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়েছি।”
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত হন ছাত্রদলের তিন কর্মী। ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে এ হামলা হয়।
ছাত্রদল নেতা-কর্মীরা ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর বাজারে জড়ো হয়ে সেখান থেকে মিছিল শুরু করে। মূল ফটক দিয়ে ক্যাম্পাসে ঢোকে তারা।
মিছিলটি সিনেট ভবনের সামনে এলে ছাত্রলীগ নেতা-কর্মীরা রড, হকিস্টিক, ছুরি, কিরিচ নিয়ে ওই মিছিলে ধাওয়া দেয়। ছাত্রদল নেতা-কর্মীরা পিছু হটলে ফটকের সামনে তাদের ওপর হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
হামলায় ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি আখেরুজ্জামান তাকিম, বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন, সাংগঠনিক সম্পাদক আল-নোমানকে তৎপর দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
ছাত্রদল নেতা আশিক, দেলোয়ার ও রবিন ছুরি ও কিরিচের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছাত্রলীগের হামলার পর পুলিশ এসে ছাত্রদলকর্মীদের ধাওয়া করে। তখন ছাত্রদলকর্মীরা বিনোদপুর বাজারের দিকে চলে যায়। তখন তারা মহাসড়কে গাড়ি ভাংচুর করে।
এই সংঘাতের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে মতিহার থানার ওসি আনিছুর রহমান জানিয়েছেন।
ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শোভাযাত্রার অনুমতি চেয়ে সোমবার আমরা প্রক্টর দপ্তরে লিখিত আবেদন করেছিলাম। এরপরই আমরা আজ মিছিল করি।
“কিন্তু ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের সহায়তায় আমাদের ওপর হঠাৎ আক্রমণ করে। তারা আমাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে,” বলেন তিনি।
হামলার প্রতিবাদে দুপুর ১টার দিকে রাজশাহী নগরীতে বিক্ষোভ মিছিল করে রাজশাহী মহানগর ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আশিকও বলেছেন, তারা এর প্রতিবাদে কর্মসূচি দেবেন।
এই হামলার বিষয়ে ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে ছাত্রলীগ তা প্রতিহত করে।”
“বিশ্ববিদ্যালয়কে যারাই অস্থিতিশীল করতে চাইবে তাদের প্রতিহত করা হবে,” হুঁশিয়ারি দেন সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু।
ক্যাম্পাসে এই সংঘাতের বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) গোলাম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।”
প্রক্টর চৌধুরী জাকারিয়া বলেন, “ক্যাম্পাসের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। বাইরে কেউ যদি মারামারি করে তাহলে তো আমি আর নিরাপত্তা দিতে পারি না।
“আমি তো সমগ্র বাংলাদেশের নিরাপত্তার দায়িত্বে নয়,” বলেন তিনি।
এদিকে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ‘ব্যর্থ’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপউপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
আহত ছাত্রদল নেতাদের দেখতে দুপুরে হাসপাতালে যান তিনি। তখন তিনি সাংবাদিকদের বলেন, “বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের ছত্রছায়ায় ছাত্রলীগ ক্যাডাররা ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে।”
“এই প্রশাসনের আমলে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারটি হত্যাকাণ্ড ঘটেছে। তারা কোনো বিচার করেনি,” যোগ করেন তিনি।
আবার পুলিশের পিটুনি
ক্যাম্পাসে হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিনোদপুর এলাকায় মিছিল করতে গিয়ে পুলিশের পিটুনিতে আহত হয়েছে ছাত্রদলের আরো ১০ কর্মী। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন- বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক তোজা, কামরুল হাসান, সাইফুল ইসলাম, রেন্টু ইসলাম, পারভেজ আহম্মেদ ও ইলিয়াস হোসেন।
পুলিশ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদলকর্মী জনিকে আটক করেছে। জনি সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে আমাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যার দিকে আমরা একটি বিক্ষোভ মিছিল বিনোদপুর থেকে শুরু করি। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এলে পুলিশ আমাদেরকে বাধা দেয় এবং বেধড়ক লাঠিচার্জ করে। ঘটনাস্থলে আমিসহ আমাদের প্রায় ১০ কর্মী আহত হয়।”
ঘটনাস্থল জনিকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে জানান কামরুল।
মতিহার থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় সেজন্য আমরা ছাত্রদলের নেতাকর্মীকে নিষেধ করি। কিন্তু তারা আমাদের ওপর চড়াও হলে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/২২০৮ ঘ.
bdnews24