২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি রপ্তানিপ্রস্তুতি দেখতে আসছে মালয়েশীয় প্রতিনিধি দল

মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির সার্বিক প্রস্তুতি ও প্রক্রিয়া সরেজমিন চূড়ান্ত পর্যবেক্ষণে মালয়েশীয় প্রতিনিধি দল ঢাকা আসছে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির সার্বিক প্রস্তুতি ও প্রক্রিয়া সরেজমিন চূড়ান্ত পর্যবেক্ষণে মালয়েশীয় প্রতিনিধি দল ঢাকা আসছে মঙ্গলবার। কয়েক দফা বৈঠক শেষে বৃহস্পতিবার জনশক্তি রপ্তানি নিয়ে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়কমন্ত্রী দাতুক সেরি এস সুব্রামানিয়ামের নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার রাত ১০টায় বাংলাদেশ পৌঁছাবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এ সফরে মন্ত্রীর সঙ্গে থাকছেন। এদিকে সরকারি পর্যায়ে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি প্রতিহত করতে মানববন্ধনের কর্মসূচি দিয়েও শেষ পর্যন্ত ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)’ কোনো কঠোর কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ার প্রতিনিধি দলের এ সফরের সময় তাদের সঙ্গে বায়রার কোনো আলোচনার সময়সূচি রাখা হয়নি সরকারের পক্ষ থেকে। সরকার এককভাবে এক্ষেত্রে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। “বায়রা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এজন্য বায়রার পক্ষ থেকে কঠোর কোনো কর্মসূচি নেওয়া হবে না।” রিক্রুটিং এজেন্সিজ এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রাইয়াব) এর সভাপতি আকতার হোসেন জানান, বায়রার মানববন্ধন কর্মসূচির সঙ্গে রাইয়াব একাত্মতা ঘোষণা করেছিল। কিন্তু তারা কর্মসূচি থেকে সরে আসায় রাইয়াবও কোনো কর্মসূচি পালন করবে না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাতে বিশ্রামের পর পরদিন বুধবার সকাল সাড়ে ১০টায় প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। ওইদিন বেলা আড়াইটায় বাংলাদেশ ও মালয়েশীয় প্রতিনিধি দলের সদস্যরা দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন। ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেবেন প্রতিনিধি দলের সদস্যরা। বৃহস্পতিবার দুই দেশের প্রতিনিধিরা আবারো বৈঠকে বসবেন সকাল সাড়ে ১০টায়। এ বৈঠকে দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করা হবে। বিকেল চারটায় সমঝোতা স্মারক সই করবেন দুই দেশের প্রতিনিধিরা। পরে বিকেল পাঁচটায় মারয়েশীয় প্রতিনিধি দলের সদস্যরা সংবাদ সম্মেলন করে জনশক্তি নেওয়ার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরবেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহার এ কর্মসূচি সম্পর্কে নিশ্চিত করেছেন। এর আগে প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, “এটিই হবে তাদের (মালয়েশিয়া) চূড়ান্ত মিশন। এ সফরের পর তারা দেশে ফিরে সরকারকে প্রতিবেদন দেবেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। চার বছরের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছে মালয়েশিয়া। এরমধ্যেও ২০১১ সালে ৭৪২ জন বাংলাদেশি কর্মী দেশটিতে গেছে। এরআগে ২০০৮ সালে এক লাখ ৩১ হাজার, ২০০৭ সালে দুই লাখ ৭৩ হাজার এবং ২০০৬ সালে ২০ হাজার বাংলাদেশি কর্মী যায় মালয়েশিয়া। ২০০৭ ও ’০৮ সালে মালয়েশিয়ায় কলিং ভিসায় কর্মী নেওয়া শুরু হলে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। এজন্য ২০০৯ সালের ১০ মার্চ মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২২১ ঘ.