ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী বনানী এলাকায় ভুয়া লাইসেন্স ব্যবহার করে ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে হলি ড্রাগসের মালিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের হাকিম এএইচএম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বনানীর এফ ব্লকের পাঁচ নম্বর সড়কের ১১ নম্বর বাড়িতে ‘হলি ড্রাগস’র মালিক গিয়াস উদ্দিন (৫৮) ওষুধ উৎপাদন করে বাজারজাত করে আসছিল।
“ওই বাড়িতে গড়ে উঠা কারখানায় ৩৭ ধরনের ওষুধ পাওয়া যায়। যার মধ্যে ২০ ধরনের ওষুধের ক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না,” বলেন তিনি।
১৭ ধরনের ওষুধের অনুমোদন থাকলেও চলতি বছরের ৯ মে অধিদপ্তর হলি ড্রাগসকে সব ধরনের ওষুধ উৎপাদন ও বাজারজাত বন্ধের নির্দেশ দেয় বলে র্যাব জানায়।
আনোয়ার পাশা বলেন, গিয়াস উদ্দিন অধিদপ্তরের নির্দেশ অমান্য করে ভুয়া লাইসেন্স ব্যবহার করে ওষুধ উৎপাদন ও বাজারজাত করায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া উৎপাদিত প্রায় ১০ লাখ টাকার ওষুধ ধংস করার নির্দেশ দেওয়া হয় বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২২০ ঘ.
bdnews24