ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে তিনটি মামলা করেছে সংস্থাটি।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভুঁঞা সাংবাদিকদের বলেন, “সোমবার সকালে অর্থ পাচার প্রতিরোধ আইন ২০১২ -এর আওতায় ঢাকার পল্টন থানায় দুটি এবং গাজীপুরের জয়দেবপুর থানায় একটি মামলা করা হয়েছে।”
মামলায় জিয়াউর রহমান, তার বন্ধু ইসহাক, ব্র্যাক ব্যাংকের সাবেক সেলস এক্সিকিউটিভ ওমর ফারুক মিল্লাত (ঢাকা), বিজনেস এক্সিকিউটিভ (গাজীপুর শাখা) আবু হানিফ, সেলস অফিসার (গাজীপুর শাখা) আব্দুল হামিদ পাটোয়ারী ও ঢাকা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিছারউদ্দিন আহমেদকে আসামি করা হয়ে বলে জানান তদন্ত কর্মকর্তা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১১ সালের ২৯ জুন থেকে ২০১২ সালের ১২ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে জিয়াউর রহমান ও ইসহাক নিজেদের কখনো দুদকের চেয়ারম্যান, কখনো চেয়ারম্যানের এপিএস এবং কখনো বা তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে টেলিফোনে বিভিন্ন সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তাকে ভয়-ভীতি প্রদর্শন, অভিযোগ বা মামলার দায় থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।
এভাবে তারা ৩৩ লাখ ৫৫ হাজার টাকা আদায় করে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন শাখায় একাধিক ভুয়া হিসাবে জমা করে পরে উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করেন। একাজে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ওমর ফারুক মিল্লাত, আবু হানিফ, আব্দুল হামিদ পাটোয়ারী এবং নিছারউদ্দিন আহমেদ তাদের সহায়তা করেছেন বলে জানান তদন্ত কর্মকর্তা।
এদের মধ্যে মূল আসামি জিয়াউর রহমান একই ঘটনায় জুলাই মাসে র্যাবের হাতে গ্রেপ্তার হলেও তিনিসহ মামলার সব আসামিই জামিনে আছেন।
তবে চাঁদাবাজির শিকার কর্মকর্তা-কর্মচারীদের কথিত দুর্নীতি ও অনিয়মের বিষয়ে কোনো তদন্ত হয়েছে কি-না জিজ্ঞেস করা হলে আখতার হামিদ সাংবাদিকদের বলেন, “আমাদের তদন্ত চলছে। অদূর ভবিষ্যতে আমরা এ সম্পর্কে আপনাদের তথ্য দিতে পারব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এইচএএইচ/এইচএ/১৯৫৫ ঘ.
bdnews24