ঝিনাইদহ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করার পর ঝিনাইদহের শৈলকুপার ভাটই হাই স্কুলের আটক চার ছাত্রকে ছেড়ে দিয়েছে পুলিশ।
সোমবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত ভাটই হাইস্কুলের সামনে ওই স্কুলের ছাত্ররা অবরোধ করে। পরে আটক ছাত্রদের মুক্তি দিলে অবরোধ তুলে নেয়।
ফুটবল ম্যাচকে কেন্দ্র করে রোববার বিকালে ভাটই হাইস্কুলের ছাত্ররা শৈলকুপা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকসহ ২৫ জন ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ভাটই হাইস্কুলে চার ছাত্রকে আটক করেছিল।
অবরোধ চলাকালে রাস্তায় কয়েকশ’ যানবাহন আটকা পড়ে।
এদিকে, শৈলকুপা পাইলট হাইস্কুলের ছাত্র শিক্ষকরা ভাটই হাইস্কুলের ছাত্রদের হামলা, মারধর ও জখম করার প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন।
এরপর তারা ঘটনার জন্য দায়ীদের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছেন।
ইউএনও মো. আজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শৈলকুপা থানার ওসি শহিদুল ইসলাম শাহিন বলেন, মঙ্গলবার শৈলকুপা মাঠে আন্তঃস্কুল ফুটবল খেলায় ভাটই হাইস্কুল শৈলকুপা পাইলট হাইস্কুলের কাছে হেরে যায়। ভাটই স্কুল রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে।
এর জেরে রোববার ঝিনাইদহ মাঠে ফুটবল খেলা শেষে ফেরার পথে পাইলট স্কুলের ছাত্র শিক্ষকদের উপর হামলা চালায় ভাটই স্কুলের ছাত্ররা।
এতে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হাসমত আলী, ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেনসহ ২৫ জন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩০ ঘ.
bdnews24