নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া এ ঘটনায় রূপগঞ্জ থানায় পুলিশ ও বিআরটিসি কর্তৃপক্ষ দুটি মামলা করেছে।
রোববার গভীর রাতে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বাদী হয়ে একটি এবং বিআরটিসি কর্মকর্তা খায়রুল বাশার বাদী হয়ে অপর মামলা দায়ের করেন।
পুলিশের মামলায় অজ্ঞাত দুই শতাধিক ব্যক্তি এবং বিআরটিসির মামলায় ৩২ জনকে আসামি করা হয়।
পুলিশের মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ এবং বিআরটিসির মামলায় বাস ভাংচুরের অভিযোগ আনা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাদান এবং সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে একটি এবং গাড়ির ভাংচুরের অভিযোগে আরেকটি মামলা করা হয়েছে।
জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হয়েছেন সোহরাব মিয়া, আল হোসেন, জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া, হানিফ মিয়া, মজিবর রহমান, নাছির মিয়া, ছোটন মিয়া, ওবাইদুল হক, আফাজ উদ্দিন, মোশারফ হোসেন, বাদল মিয়া, আরমান মিয়া, শাহআলম, রনি মিয়া, বিল্লাল হোসেন, সোবহান মিয়া, খোকন মিয়া, সোহাগ মিয়া, আহাম্মদ আলী, আব্দুর রহমান, আল-আমিন, তানভির হোসেন, বাবু মিয়া, শাওন মিয়া, মোক্তার হোসেন, নুরে আলম, আব্দুল নোয়াব অনু, জসিম উদ্দিন ও মনজুর হোসেন।
এদিকে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি তৈমূর আলম খন্দকার।
এক বিবৃতিতে তিনি বলেন, রূপগঞ্জে বিনা উস্কানিতে যুবদল ও ছাত্রদলের মিছিলে পুলিশ হামলা ও গুলি বর্ষণ করেছে।
বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করার অভিযোগে তিনি রূপগঞ্জ থানার ওসিসহ দোষী পুলিশ সদস্যদের প্রত্যাহারের দাবি জানান।
তারেক রহমানের কারামুক্তি দিবস এবং কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটিকেক অভিন্দন জানিয়ে মিছিল করার সময় বাধা দিলে যুবদল ও ছাত্রদল নেতাকর্মদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে ১৫ পুলিশসহ অর্ধশত আহত হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই শতাধিক রাবার বুলেট ও ৪০ রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৬৪০ ঘ.
bdnews24